কোন লিগে কারা এগিয়ে, চ্যাম্পিয়নরা কে কোথায়
· Prothom Alo

২০২৬-২৭ মৌসুমের খেলা শুরু হওয়ার পর এক মাস পেরিয়ে গেছে। ইউরোপের শীর্ষ লিগগুলোর কোনোটিতে ৭ ম্যাচ, কোনোটিতে ৪ ম্যাচ করে খেলা হয়েছে। মৌসুমের শুরুর ফল দেখে লিগ শিরোপার সমীকরণ মেলানো যাবে না, তবে একটা আভাস ঠিকই পাওয়া যায়।
১৬ দিনের আন্তর্জাতিক বিরতি শেষে লিগগুলো শুরু হবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। তার আগে বড় দলগুলো তাদের লিগে কোথায় দাঁড়িয়ে আছে, সেটি দেখে নেওয়া যেতে পারে। গতবারের চ্যাম্পিয়ন আর্সেনাল, বার্সেলোনা, বায়ার্ন, ইন্টার মিলান আর পিএসজির এবারের শুরুটা কেমন হলো, সেটাও থাকছে আলোচনায়।
Visit afnews.co.za for more information.
প্রিমিয়ার লিগ: অপ্রতিরোধ্য শুরু সিটির
গত মৌসুমে শিরোপা জেতা আর্সেনাল এবারের শুরুটা করেছে টানা চার জয়ে। তবে পঞ্চম ম্যাচেই হেরে গেছে মিকেল আরতেতার দল। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট খারাপ নয়, তবে বিষয় হচ্ছে এই ফাঁকে ম্যানচেস্টার সিটি এগিয়ে গেছে। পেপ গার্দিওলা চলে যাওয়ার পর কেমন করবে সিটি, এমন কৌতূহলের মধ্যে এনজো মারেসকার দল প্রথম পাঁচ ম্যাচেই পূর্ণ পয়েন্ট তুলে শীর্ষস্থান দখলে নিয়েছে। গোল ব্যবধানেও সিটি ভালোভাবে এগিয়ে (+৮)।
আর্সেনালের পরেই আছে ব্রাইটন। পাঁচ ম্যাচে তিন জয়, এক ড্র ও এক হারে তাদের পয়েন্ট ১০। এমনকি ব্রাইটনের +১১ গোল ব্যবধান চোখে পড়ার মতো। লিভারপুল ৫ ম্যাচের তিনটিতে হেরে ৯ পয়েন্ট নিয়ে ছয়ে, চেলসি আছে দশে। আর গত মৌসুমে তৃতীয় হওয়া ম্যানচেস্টার ইউনাইটেড ৫ ম্যাচে ও ২ ড্রয়ের ৫ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ১২ নম্বরে।
লা লিগা: বার্সেলোনার সাতে সাত
লা লিগায় বেশ প্রতাপের সঙ্গেই মৌসুম শুরু করেছে বার্সেলোনা। গতবারের চ্যাম্পিয়নরা সাত ম্যাচের সাতটিতেই জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে। শুধু শতভাগ জয়ই নয়, +২৪ গোল ব্যবধানও তৈরি করেছে হান্সি ফ্লিকের দল।
বার্সেলোনার মূল প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ আছে চারে। এক যুগ পর জোসে মরিনিওকে ডাগআউটে ডেকে এনেছে রিয়াল। লিগের প্রথম সাত ম্যাচের দুটিতে হেরেছে মরিনিরও দল, যার একটি নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকোর বিপক্ষে। দিয়েগো সিমিওনের দল এখন দ্বিতীয় স্থানে, যদিও শীর্ষে থাকা বার্সার চেয়ে পাঁচ পয়েন্টে পিছিয়ে।
বুন্দেসলিগা: অপরাজেয় ডর্টমুন্ড
গত মৌসুমে দ্বিতীয় স্থানে ডর্টমুন্ডের চেয়ে ১৬ পয়েন্ট বেশি নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বায়ার্ন মিউনিখ। এবার মৌসুমের প্রথম চার রাউন্ড শেষে বায়ার্নই দুই পয়েন্টে পিছিয়ে। চার ম্যাচেই জয় নিয়ে (১২ পয়েন্ট) ডর্টমুন্ড আছে শীর্ষে।
বায়ার্ন পিছিয়ে গেছে শালকের সঙ্গে গোলশূন্য ড্র করায়। বুন্দেসলিগায় বায়ার্নের সমান ১০ পয়েন্ট আছে ফ্রাইবুর্গেরও। তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা। চার ম্যাচে +১২ গোল ব্যবধান আছে বায়ার্ন, যা শীর্ষ পাঁচের মধ্যে সবচেয়ে বেশি।
সিরি ‘আ’: জমজমাট লড়াই
এই লিগে প্রথম মাসটা বেশ উত্তেজনাপূর্ণই কেটেছে। পয়েন্ট তালিকার প্রথম তিন দলের পয়েন্টই সমান। এএস রোমা, ইন্টার মিলান ও লাৎসিও পাঁচ ম্যাচ করে খেলে ৪ জয় ও ১ ড্রতে ১৩ পয়েন্ট জোগাড় করে নিয়েছে।
পার্থক্যটা হয়েছে গোল ব্যবধানে। রোমা শীর্ষে, এরপর ইন্টার ও লাৎসিও। এমনকি চতুর্থ স্থানে থাকা ক্যালিয়ারিও খুব একটা পিছিয়ে নেই। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। গতবার ইন্টারের পর দ্বিতীয় অবস্থানে লিগ শেষ করা নাপোলি এই মুহূর্তে আছে ৯ নম্বরে (৭ পয়েন্ট)।
লিগ ‘আঁ’: পাঁচেই নেই পিএসজি
শীর্ষ পাঁচ লিগের চ্যাম্পিয়নদের মধ্যে সবচেয়ে বাজে শুরু হয়েছে পিএসজির। প্রথম ৫ ম্যাচ শেষে শীর্ষ পাঁচেও নেই গতবারের চ্যাম্পিয়নরা। প্রথম দুই ম্যাচে ড্র আর তৃতীয় ম্যাচে হারের পর শেষ দুই ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে লুইস এনরিকের দল।
তবে পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট দলটিকে ঠেলে দিয়েছে ছয় নম্বরে। সর্বোচ্চ ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে মোনাকো। এরপর সমান ১১ পয়েন্ট নিয়ে লিঁও ও প্যারিস এফসি।