গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নিয়ে দুই দেশের কারিগরি পর্যায়ে বৈঠক অব্যাহত থাকবে: জয়সোয়াল
· Prothom Alo

গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে নয়াদিল্লি। আজ শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা বলেন।
Visit xsportfeed.life for more information.
ব্রিফিংয়ে এক সাংবাদিক গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, ‘আমার প্রশ্ন—গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে। এটির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে চলেছে। যৌথ নদী কমিশনের কোনো আলোচনা বা আলোচনার দিনক্ষণ ঠিক হওয়ার খবর এখনো দেখিনি। চুক্তি নবায়নের বিষয়টি অনুমোদন করতে হবে এবং পরে দুই দেশের প্রধানমন্ত্রীদের তাতে স্বাক্ষর করতে হবে, যেহেতু এটা ৩০ বছর আগে সই হয়েছিল। চুক্তির বর্তমান পরিস্থিতি কী?
জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টনসহ পানিসংক্রান্ত সব সমস্যা নিয়ে আলোচনার জন্য আমাদের যৌথ নদী কমিশন (জেআরসি) ব্যবস্থা রয়েছে। পানিসংক্রান্ত বিষয়গুলো নিয়ে কারিগরি পর্যায়ের বৈঠকগুলো অব্যাহত থাকবে।’
ভারতের সঙ্গে আওয়ামী লীগের সময় করা শতাধিক সমঝোতা স্মারক (এমওইউ)–চুক্তি সরকার পর্যালোচনা করছে বলে সম্প্রতি জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
নয়াদিল্লিতে ব্রিফিংয়ে এ প্রসঙ্গ তুলে আরেকজন সাংবাদিক জানতে চান, কোন কোন চুক্তি পর্যালোচনা করা হবে সে বিষয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতকে কিছু জানিয়েছে কি না। বিশেষ করে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের ট্রানজিট নিয়ে ঢাকা কোনো উদ্বেগ জানিয়েছে কি না।
এ প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘আমরাও এ বিষয়ে গণমাধ্যমের কিছু প্রতিবেদন দেখেছি, তবে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি। অবশ্যই ভারত তার স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।’