মেসিকে সম্মান জানাতে দেরি সহ্য হলো না আর্জেন্টিনার ক্লাব ফুটবলের

· Prothom Alo

আর্জেন্টিনায় লিওনেল মেসি নামটাই অন্য রকম এক আবেগ। নইলে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সিদ্ধান্তটি জানানোর পর ক্লাবগুলোর দেরি সইবে না কেন!

Visit zeppelin.cool for more information.

মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর ঘোষণার দুই দিন পর গত বুধবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাঁকে সম্মান জানানোর পরিকল্পনা জানায়। সিদ্ধান্ত হয়, ঘরোয়া ফুটবলের সব পর্যায়ে ম্যাচের ১০ মিনিটে খেলা বন্ধ করে ১ মিনিটের করতালি দেওয়া হবে। আগামী সপ্তাহের ম্যাচগুলো থেকে এ আয়োজন শুরুর কথা ছিল।

কিন্তু সম্মান জানানোর এই আবেগ আর বাঁধ মানেনি। দেরিও সহ্য হয়নি। আর্জেন্টিনা ফুটবলে নতুন রাউন্ড শুরুর আগেই মেসিকে সম্মান জানানোর প্রথম বড় উদাহরণ দেখা গেল গতকাল কোপা আর্জেন্টিনায় বোকা জুনিয়র্স ও ভেলেজ সার্সফিল্ডের ম্যাচে।

মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, চলবে এক মিনিটের করতালি

শেষ ষোলোর এই ম্যাচে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ গোলে জেতে বোকা জুনিয়র্স। কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে প্রথমার্ধের খেলা ১০ মিনিটে পৌঁছাতেই বাঁশি বাজিয়ে খেলা থামান রেফারি সেবাস্তিয়ান জুনিনো। স্টেডিয়ামের ঘোষক তখন উপস্থিত সবাইকে হাততালি দেওয়ার আহ্বান জানান। মেসিকে সম্মান জানাতে মাঠ থেকে গ্যালারিতে বৃষ্টি নামে করতালির।

এএফএর বিবৃতিতে স্পষ্ট করা হয়েছিল যে প্রথাগত ফুটবল, ফুটসাল, বিচ সকারসহ সব স্তরের ফুটবলে শুধু পরবর্তী রাউন্ডেই মেসিকে এ সম্মান জানানো হবে। এ ছাড়া যেসব স্টেডিয়ামে বড় পর্দার ব্যবস্থা রয়েছে, সেখানে নিয়ম অনুযায়ী এএফএর পক্ষ থেকে তৈরি করা একটি ভিডিও প্রদর্শন করতে বলা হয়। কিন্তু মেসির জনপ্রিয়তা এতই বেশি যে অ্যাসোসিয়েশনের বেঁধে দেওয়া সময়সূচির আগে প্রায় সব ম্যাচেই মেসিকে স্বতঃস্ফূর্তভাবে সম্মান জানানো হয়।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, মেসিকে সম্মান জানানোর দৃশ্যটা শুধু কর্দোবায় সীমাবদ্ধ থাকেনি। উইমেনস ফুটসাল কাপের শেষ ষোলোয় আলভিয়ারের স্টেডিয়ামে রেসিং-ইন্দিপেন্দিয়েন্তে ম্যাচেও একইভাবে মেসিকে সম্মান জানানো হয়। চলতি সপ্তাহান্তে সব মাঠেই সব ম্যাচে এ দৃশ্য যে দেখা যাবে, সেটা বলাই বাহুল্য।

মেসি গত সোমবার ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ঘোষণা দেন। ৩৯ বছর বয়সে আকাশি-সাদা জার্সি তুলে রাখলেন কিংবদন্তি। গত বুধবার এএফএর বিবৃতিতে বলা হয়, ‘আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী রাউন্ডের সব ধরনের পুরুষ ও নারী ফুটবল প্রতিযোগিতার ম্যাচে প্রথম অর্ধে ১০ মিনিটের মাথায় খেলা থামিয়ে ১ মিনিট করতালি দেওয়া হবে।’

Read full story at source