চট্টগ্রামে দক্ষিণ জেলা যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, ১৫ জন গ্রেপ্তার, ৮ কিশোর হেফাজতে
· Prothom Alo

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে আনোয়ারা উপজেলার পিএবি সড়কের বরুমচড়া রাস্তার মাথা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় দুটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
Visit newsbetting.club for more information.
পুলিশ সূত্র জানায়, আজ সকালে দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের ব্যানারে ৭০ থেকে ৭৫ জনের একটি দল মিছিল বের করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করে। তাঁদের মধ্যে ১৫ বছরের কম বয়সী আট শিশুকে পরিবারের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকিদের মধ্যে ১৫ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আট কিশোকে কাল সোমবার আদালতে পাঠানোর কথা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি বাঁশখালী উপজেলায়।
আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, সন্ত্রাসবিরোধী আইনে ১৫ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বয়স কম হওয়ায় আটজনকে শিশুদের জন্য নির্ধারিত আদালতে পাঠানো হবে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, এ ঘটনায় ৫৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, এর আগেও এই সড়কে একাধিকবার ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে আনোয়ারা-বাঁশখালী সড়কে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। ওই ঘটনায় আনোয়ারার জুঁইদণ্ডী ইউনিয়নের ভোলার বাড়ির বাসিন্দা মোহাম্মদ হাসান বাদী হয়ে সাবেক ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারীসহ ৭৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৩৮ জনের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা করেন।
এ ছাড়া ১৫ আগস্ট ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কলেজ সড়কে ছাত্রলীগের ব্যানারে আরও একটি ঝটিকা মিছিল বের করা হয়। ওই ঘটনায় পরদিন নাশকতার অভিযোগে ৪৫ জনের নাম উল্লেখ করে আনোয়ারা থানায় মামলা করা হয়।