থানা থেকে লুট হওয়া পিস্তল কোমরে নিয়ে ঘুরছিলেন, গ্রেপ্তার করল র‌্যাব

· Prothom Alo

থানা থেকে লুট হওয়া পিস্তল কোমরে নিয়ে ঘুরছিলেন। পুলিশের ‘সন্ত্রাসীর’ তালিকায় নাম থাকলেও গ্রেপ্তার হননি এত দিন। একাধিক হত্যা মামলার এই আসামিকে গ্রেপ্তারের জন্য আগে থেকেই ওত পেতে ছিলেন র‍্যাবের সদস্যরা। অবশেষে কোমরে গুঁজে রাখা পিস্তল, গুলি, ছুরিসহ গ্রেপ্তার হন।

গ্রেপ্তার এই ব্যক্তির নাম মো. নিশান ওরফে ছোট নিশান (৩০)। গতকাল মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলার নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার পোদ্দার বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নিশানের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। তিনি একাধিক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া ১টি পিস্তল, ১২ রাউন্ড গুলি, ১টি আধুনিক ছুরি ও মোটরসাইকেল জব্দ করা হয়।

Visit forestarrow.rest for more information.

গতকাল রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। র‍্যাব জানায়, নির্দিষ্ট তথ্যর ভিত্তিতে র‌্যাবের সদস্যরা পোদ্দার বাজার এলাকায় অবস্থান করছিলেন। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে নিশান পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এরপর তাঁকে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর শরীর তল্লাশি করে অস্ত্র পাওয়া যায়।

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু বলেন, অভিযুক্ত নিশানকে গ্রেপ্তারে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে আসছিল র‍্যাব। পরে নির্দিষ্ট তথ্যর ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। চন্দ্রগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে থানায় একটি মামলা করেছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, গ্রেপ্তার নিশান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁকে গ্রেপ্তারের জন্য আগেও কয়েকবার অভিযান চালিয়েছে পুলিশ। আজ বুধবার তাঁকে আদালতে পাঠানো হবে।

Read full story at source