আসিয়ানে খেলবে কি না বাংলাদেশ, বাফুফের কাছে জানতে চেয়েছে ফিফা

· Prothom Alo

দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে ‘ফিফা আসিয়ান কাপ’। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের দুয়ার খুলে যেতে পারে বাংলাদেশের জন্য। ভারত নাম প্রত্যাহার করায় তাদের জায়গায় বাংলাদেশকে বিবেচনায় রেখেছে ফিফা। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি এরই মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে সেপ্টেম্বর উইন্ডোর পরিকল্পনা এবং আসিয়ানে সুযোগ পেলে খেলতে আগ্রহী কি না, জানতে চেয়েছে।

হঠাৎ তৈরি হওয়া এই সম্ভাবনা নিয়ে আলোচনা করতে শুক্রবার বিকেলে অনলাইনে এক জরুরি সভায় বসে বাফুফের জাতীয় দল কমিটি। সভায় সিদ্ধান্ত হয়েছে, ফিফার আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলে আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

Visit betsport24.es for more information.

ফিফা আরব কাপের আদলে ‘ফিফা আশিয়ান কাপ’ আয়োজনের সিদ্ধান্ত হয় গত বছর, যা চলতি বছর ফিফা কংগ্রেসে অনুমোদন পায়। আসিয়ানভুক্ত ১১টি দেশের সঙ্গে চীন, ভারত ও হংকংকে টুর্নামেন্টটিতে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়। তবে এশিয়ান কাপের প্রস্তুতির জন্য চীন ও ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ভারত নাম সরিয়ে নিয়েছে। চীনের জায়গায় পাকিস্তানকে নেওয়া হয়েছে আগেই। এখন ভারতের জায়গায় উঠে এসেছে বাংলাদেশের নাম।

মোট দল ১৪টি হলেও খেলা হবে দুটি ডিভিশনে। ৮টি দল নিয়ে প্রিমিয়ার ডিভিশন হবে ইন্দোনেশিয়ায়, ৬টি দল নিয়ে চ্যালেঞ্জ ডিভিশন হংকংয়ে। প্রিমিয়ার ডিভিশনে স্বাগতিকদের সঙ্গে আছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও পাকিস্তান। ফিফার চূড়ান্ত আমন্ত্রণ পেলে বাংলাদেশ এই ডিভিশনে খেলার সুযোগ পাবে, সে ক্ষেত্রে ‘এ’ গ্রুপে সঙ্গী হবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর; আর হংকংয়ের চ্যালেঞ্জ লিগে স্বাগতিকদের পাশাপাশি খেলবে মিয়ানমার, কম্বোডিয়া, লাওস, ব্রুনেই ও পূর্ব তিমুর।

প্রতিটি ডিভিশনে দুটি গ্রুপ, শীর্ষ পয়েন্টধারী দুটি দল নিজ ডিভিশনের ফাইনালে মুখোমুখি হবে।

নাম–পরিচয় দিয়ে দলে ঢোকা যাবে না—ডুলির সাফ কথা

এবারের সেপ্টেম্বর–অক্টোবরে ফিফা উইন্ডো মোট ১৬ দিনের। লম্বা এই সময়ে বাংলাদেশ ঘরের মাঠে একটি চার জাতি টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা চালাচ্ছিল। একই সঙ্গে কাজাখস্তানে গিয়ে তিন জাতির টুর্নামেন্ট খেলার আমন্ত্রণও ছিল।

তবে দেশে, নাকি দেশের বাইরে গিয়ে খেলবে, সে বিষয়ে বাফুফে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছিল না। তার মধ্যেই বৃহস্পতিবার ভারত আসিয়ান কাপ থেকে সরে যাওয়ায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার নাম আলোচনায় উঠে এসেছে। ফিফা বাংলাদেশের অবস্থান জানতে চাওয়ার পর বাফুফে আজই তাদের ইতিবাচক মত জানিয়ে দিয়েছে।

ফিফার চূড়ান্ত আমন্ত্রণ এলে নিজেদের চেয়ে শক্তিশালী দলের বিপক্ষে খেলতে পারবেন জামাল ভূঁইয়ারা। গ্রুপে থাকা তিন দলই র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮১) চেয়ে এগিয়ে—ইন্দোনেশিয়া (১১৮), মালয়েশিয়া (১৩৬) ও সিঙ্গাপুর (১৪৮)।

নভেম্বরে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের আগে এই টুর্নামেন্টকে বড় এক সুযোগ হিসেবে দেখছে বাফুফে। এ বিষয়ে বাফুফে সহসভাপতি ফাহাদ করিম প্রথম আলোকে বলেন, ‘ভালো দলের বিপক্ষে খেলতে পারা আমাদের জন্য বড় সুযোগ। আমরা আসিয়ানে খেলতে প্রস্তুত।’

সাফে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান, অপেক্ষা নেপালের

Read full story at source