চাঁদা না পেয়ে ঠিকাদার ও প্রকৌশলীকে মারধরের অভিযোগ
· Prothom Alo

চট্টগ্রামের আনোয়ারায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী ও স্বত্বাধিকারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের রাঙাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
Visit mchezo.life for more information.
হামলায় আহত ব্যক্তিরা হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এফএম এন্টারপ্রাইজের প্রকৌশলী শাহরিয়ার আমির ও ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন।
মারধরের ঘটনায় আহত প্রকৌশলী শাহরিয়ার আমির বলেন, আলী হোসেন নামের এক ব্যক্তি নিজেকে যুবদল নেতা পরিচয়ে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছেন। ব্যবসা করতে হলে ৫০ শতাংশ লভ্যাংশ তাঁকে দিতে হবে বলে দাবি করেন তিনি। তাঁরা রাজি না হওয়ায় আজ সকালে আলী হোসেনের নেতৃত্বে একদল লোক দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পথ আটকে মারধর শুরু করেন। মারধরে শাহরিয়ার আমির ও দেলোয়ার হোসেন আহত হন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তবে আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমদ বলেন, আলী হোসেন নামের ওই ব্যক্তি যুবদলের কোনো পদবিতে নেই। চাঁদা দাবি সম্পর্কেও তিনি জানেন না।
জানতে চাইলে মেসার্স এফএম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে আলী হোসেনের যন্ত্রণায় অতিষ্ঠ। সর্বশেষ আজ আমাদের ওপর হামলা করা হলো।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত আলী হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল ও অভিযুক্ত আলী হোসেনের ঘরে গিয়েছি। তবে তিনি ঘরে ছিলেন না। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’