গরমেও স্টাইলিশ: ৫ মিডি লুকে দীঘির সামার লুক

· Prothom Alo

বড় পর্দার সেই মিষ্টি চেহারার শিশুশিল্পী এখন আর শুধু ‘কিউট’ ইমেজে আটকে নেই। সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন প্রার্থনা ফারদিন দীঘি। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও স্টাইল স্টেটমেন্টেও তিনি হয়ে উঠছেন আরও আত্মবিশ্বাসী। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ নতুন ছবি পোস্ট করেছেন দীঘি, যেখানে তাঁর পরনে দেখা গেছে নানা স্টাইলের মিডি ড্রেস। চলুন দেখে নেওয়া যাক তাঁর পাঁচটি লুক, আর জেনে নেওয়া যাক এই গরমে কীভাবে মিডি ড্রেসে স্টাইল করতে পারেন
আরামদায়ক ফেব্রিকের ছিমছাম ডিজাইনের মিডি হতে পারে এ সময়ের ফ্যাশনে প্রথম পছন্দ। ক্ল্যাসিক ওয়েস্টার্ন ফ্যাশনে মিডি ড্রেসের জনপ্রিয়তা রয়েছে এ বছরও, আর কয়েক বছর ধরে আমাদের দেশেও গরমে এই আরামদায়ক পোশাকের কদর বাড়ছে। ফেব্রিক ও প্যাটার্নের বৈচিত্র্যের জন্য এখন ফ্যাশন–সচেতন তরুণীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে মিডি ড্রেস।

গোলাপি মিডিতে ছুটির আমেজ

হালকা গোলাপি রঙের ফ্লোরাল প্রিন্টের মিডিতে দীঘির লুকে ফুটে উঠেছে কোমল, রোমান্টিক আবহ।

Visit betsport.cv for more information.

পোশাকের সামনে রাফল কলার ও ফ্রন্ট বাটনের ডিটেইল যোগ করেছে আলাদা আবেদন। কোমর থেকে নিচের দিকে ফ্লেয়ার এবং মিডল স্লিট ডিজাইন পোশাকটিকে দিয়েছে বাড়তি সৌন্দর্য।

ঢেউখেলানো চুল খোলা রেখেছেন দীঘি। গোল্ডেন অনুষঙ্গে সেজেছেন সুন্দরী। হাতে ঘড়ি, কানে হুপ দুল আর হাতে ব্রেসলেট, ঘড়ি—সব জুয়েলারিই  রাখা হয়েছে একেবারে পরিমিত। পায়ে বাদামি হিলড স্যান্ডেল।

সব মিলিয়ে ছুটির দিনের ভ্রমণে বিকেলের নরম আলোয় এমন প্যাস্টেল মিডি হতে পারে দারুণ মানানসই।

ফ্লোরাল মিডিতে ক্ল্যাসিক সামার লুক

ছোট ছোট নীলচে ফুলের প্রিন্টে সাদা মিডি ড্রেসটি একেবারেই যেন ক্ল্যাসিক সামার পিস। স্কয়ার নেকলাইন ও ফ্লাটার স্লিভ ডিজাইনের এই ড্রেসে বেশ মিষ্টি লাগছে দীঘিকে। স্টাইল করতে জানলে এমন ড্রেসে সবাইকেই সুন্দর লাগবে।

শরীরের সঙ্গে আঁটসাঁট নয়; বরং কোমর পর্যন্ত সুন্দরভাবে বসে নিচে নেমে গেছে ফ্লেয়ার্ড স্কার্ট। পেছনে কোমরের কাছে লম্বা ফিতা বাঁধার ডিটেইল থাকায় পোশাকটি আরও সুন্দর হয়েছে। এই লুকে দীঘির সাজও বেশ পরিপাটি। চুল পেছনে হালকা টেনে রেখে বাকি অংশ খোলা, কানে পরেছেন কালো পাথরের ঝোলানো দুল, গলায় পেনড্যান্ট।মেকআপে উষ্ণ টোনের ছোঁয়া।

পায়ে শোভা পাচ্ছে কালো স্ট্র্যাপি হিল। তবে একই পোশাক স্নিকার্স বা ফ্ল্যাট স্যান্ডেলের সঙ্গেও পরা যায়। অফিস, ক্লাস, বন্ধুদের আড্ডা কিংবা ডে আউট—সব জায়গাতেই মানিয়ে যাবে এমন একটি বহুমুখী সামার মিডি ড্রেস।

মাস্টার্ড মিডিতে ভিনটেজ সৌন্দর্য

মাস্টার্ড রঙের উষ্ণ এই মিডি ড্রেসে দীঘির লুকটি বেশ নজড় কাড়ছে। পাফ হাতা আর সামনের টাইআপ ডিটেইল পোশাকটিতে যোগ করেছে ভিনটেজ চার্ম।

কোমর পর্যন্ত ফিটেড কাটিংয়ের পর নিচে নেমে গেছে ফ্লেয়ার্ড সিলুয়েট, যা লুকটিকে দিয়েছে সুন্দর ফেমিনিন আবেদন।

এই ড্রেসের সঙ্গে দীঘির স্টাইলিংয়ে ছিল মিনিমাল ছোঁয়া। ছোট পেনড্যান্ট নেকলেস, গোল্ড-টোন ঘড়ি আর হিলড স্যান্ডেল—সবকিছুই মাস্টার্ডের উষ্ণ টোনের সঙ্গে সুন্দরভাবে মানিয়ে গেছে। এক রঙের আবহ বা মোনোক্রম লুক চাইলে এমন মিডি হতে পারে আদর্শ পছন্দ।

গরমের দিনে বিকেলের আড্ডা, ডেট কিংবা ছুটির দিনের ঘোরাঘুরিতেও এমন সাজ বেশ মানিয়ে যাবে।

হোয়াইট ফ্লোরাল লুক

সাদা মিডিতে ধরা দিয়েছেন দীঘি। পরেছেন রঙিন ফুলেল এমব্রয়ডারি করা দারুণ সুন্দর একটি ড্রেস। সামনের অংশে লাল বোতামের সারি যোগ করেছে ভিনটেজ চার্ম।

পাফ হাতা আর স্কয়ার নেকলাইনের এই ডিজাইন একেবারেই সামার ফ্রেন্ডলি। হালকা রং আর ফুরফুরে কাটিং একসঙ্গে দিচ্ছে স্বস্তি ও স্টাইল—দুটোই। চুল এক পাশে সরিয়ে খোলা রেখেছেন দীঘি। সঙ্গে  কানে ছোট, সিম্পল দুল এবং গলায় চিকন চেইন—গয়নাতেও রেখেছেন পরিমিতি। ফলে সাদা পোশাকে ফুটে থাকা রঙিন ফুলের নকশাই হয়ে উঠেছে লুকের মূল আকর্ষণ।

গরমের দিনে ক্যাফে, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা ছোটখাটো আয়োজনে এমন একটি মিডি হতে পারে সহজেই স্টাইলিশ পছন্দ।

ট্রপিক্যাল মিডিতে গ্ল্যামারাস লুক

রাস্ট ব্রাউন রঙের এই সুতি মিক্সড মিডি ড্রেসজুড়ে আছে সাদা সুতা দিয়ে বোনা পাতার নকশা। ট্রপিক্যাল প্রিন্টের এই ড্রেস সহজেই ক্যারি করা যায়। উষ্ণ রঙের সঙ্গে কনট্রাস্ট সাদা প্রিন্ট পোশাকটিতে এনেছে আলাদা মাত্রা।

ফুরফুরে পাফ স্লিভস, রাউন্ড নেকলাইন আর কোমর বরাবর ফিটেড কাটিংয়ে ফুটে উঠেছে সুন্দর একটি সিলুয়েট।

লুকটিকে রাখা হয়েছে গ্লোয়িং ও গ্ল্যামারাস। গালে হালকা ব্লাশ ও হাইলাইটারের ছোঁয়া, চোখে শিমারি গোল্ডেন আইশ্যাডো, নিখুঁত আইলাইনার ও আইল্যাশে তৈরি হয়েছে আকর্ষণীয় চোখের সাজ। ঠোঁটে মানানসই মভ গ্লসি লিপস্টিক মেকআপে এনেছে ভারসাম্য। মাঝখানে সিঁথি করে চুল রাখা হয়েছে খোলা, হালকা ওয়েভ ও সফট কার্লে।

কানে গোল্ডেন হুপ দুল, হাতে সোনালি ব্রেসলেট আর পায়ে কালো স্ট্র্যাপি হিল—সব মিলিয়ে লুকটি হয়ে উঠেছে সহজ অথচ পরিপাটি। ক্যাজুয়াল আড্ডা থেকে সেমি-ফরমাল আয়োজন—দুই ক্ষেত্রেই এমন লুক হতে পারে দারুণ পছন্দ।

এই গরমে মিডি বেছে নেওয়ার কিছু টিপস

এই গরম এই বৃষ্টির আবহাওয়ায় পোশাকের আরামটাই এগিয়ে রাখা উচিত। স্বস্তিদায়ক ফেব্রিক, হালকা রং আর সমসাময়িক ট্রেন্ডের পোশাক এ সময় স্বস্তি দেবে। হাঁটু বা তার একটু নিচের দৈর্ঘ্যের ফ্রক, ম্যাক্সি কাটিং জামা বা গাউন স্টাইলের পোশাকগুলোই মিডি ড্রেসের অন্তর্ভুক্ত। লম্বা বা থ্রি-কোয়ার্টার হাতার মিডি পরলে খেয়াল রাখতে হবে ফেব্রিকটা যেন আরামদায়ক হয়, এ ক্ষেত্রে সুতি সবচেয়ে ভালো; এ ছাড়া ভিসকস, খাদি, লিনেন বা শিফনও বেশ আরামদায়ক।

গরমের পোশাকে জমকালো কাজের আধিক্য না থাকাই ভালো। সাদা, গোলাপি, আকাশি, মিন্ট সবুজ বা প্যাস্টেল শেডের রংগুলো এই আবহাওয়ার সঙ্গে সবচেয়ে মানানসই। সুতি ফেব্রিকে ঢিলেঢালা কাটিং হলে বাতাস চলাচলেও সুবিধা হয়। আঁটসাঁট ফিটিংয়ের বদলে লুজ ফিটিংয়ের দিকে গুরুত্ব দেওয়াই ভালো এই সময়। মিডির সুবিধা হলো, একটা জামা গায়ে চাপিয়েই বেরিয়ে পড়া যায়, সঙ্গে পায়ে স্নিকার্স বা স্লিপার ধরনের স্যান্ডেল থাকলে আরাম মিলবে দ্বিগুণ।

ছবি: দীঘির ইন্সটাগ্রাম

পোশাক: সেলিব্রিটি চয়েজ

Read full story at source