উত্তরায় পেট্রলপাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই
· Prothom Alo

রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে কর্মচারীকে কুপিয়ে ডিএল পেট্রলপাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর সড়কে ক্রাউন প্লাজার সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
উত্তরায় অবস্থিত ডিএল পেট্রলপাম্পটির মালিক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হক। তাঁর মা প্রয়াত খুরশীদ জাহান হক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন।
Visit grenadier.co.za for more information.
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার প্রথম আলোকে বলেন, ছিনতাইয়ের ঘটনায় পেট্রলপাম্পের ব্যবস্থাপক আবদুল করিম অজ্ঞাতপরিচয় ছয়-সাতজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেছেন। মামলায় বলা হয়েছে, ছিনতাই হওয়া ১ কোটি ২১ লাখ টাকা ডিএল পেট্রলপাম্পের।
মামলার অভিযোগে বলা হয়েছে, রোববার সকালে পাম্পের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আল আমিন, সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কাভার্ড ভ্যানের চালক খোরশেদ টাকাভর্তি একটি ব্যাগ নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে যাচ্ছিলেন। পথে তিনটি মোটরসাইকেলে আসা ছয়-সাতজন তাঁদের কাভার্ড ভ্যানের গতি রোধ করেন। পরে পিস্তলের মুখে এবং আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে তাঁরা আবদুল্লাহপুরের দিকে পালিয়ে যান। পরে সেলিমুজ্জামান, খোরশেদসহ আশপাশের লোকজনের সহায়তায় আহত আল আমিনকে বাংলাদেশ–কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়।
তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রতিদিন একই সময়ে টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার বিষয়টি ছিনতাইকারীরা আগে থেকেই জানতে পারেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ছিনতাইয়ে জড়িত একাধিক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।