যাত্রাবাড়ীতে শ্রমিককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই, আরেক ব্যবসায়ীকে মারধর

· Prothom Alo

রাজধানীর যাত্রাবাড়ীতে পৃথক দুই ঘটনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও মারধরে দুজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

আহত ব্যক্তিরা হলেন কারখানার শ্রমিক বিল্লাল হোসেন (৩৭) ও কাঁচামাল বিক্রেতা রুবেল হোসেন (৪০)।

Visit mwafrika.life for more information.

আহত বিল্লালের বড় ভাই ফেরদৌস প্রথম আলোকে বলেন, বিল্লাল যাত্রাবাড়ীর একটি পিতলের কারখানায় কাজ করেন। গতকাল রাত সাড়ে আটটার দিকে মাসিক বেতন নিয়ে কর্মস্থল থেকে উত্তর যাত্রাবাড়ী এলাকার বাসায় ফেরার পথে ধলপুর কলার আড়তের সামনে তিন থেকে চারজন যুবক তাঁর পথরোধ করেন। এ সময় তাঁরা বিল্লালের বাঁ পায়ে ছুরিকাঘাত করে তাঁর কাছে থাকা ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

ফেরদৌস আরও বলেন, খবর পেয়ে স্বজনেরা বিল্লালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়।

এদিকে রাত সোয়া সাতটার দিকে যাত্রাবাড়ীর কাঁচামালের আড়তের সামনে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত কাঁচামাল বিক্রেতা রুবেল হোসেনকে মারধর করে পালিয়ে যায়। পরে রুবেলের ভাগনে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

রুবেল ডেমরার কোনাপাড়া এলাকায় থাকেন। তিনি যাত্রাবাড়ীর কাঁচামালের আড়তে ব্যবসা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, আহত দুজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

Read full story at source