ই-মেইলের উত্তর দেওয়ার আগে সতর্ক করবে জিমেইল, কারা পাবেন

· Prothom Alo

ই-মেইলের উত্তর দেওয়ার সময় ভুলবশত ‘রিপ্লাই টু অল’ নির্বাচন করার ফলে অনেকেই গোপন বা গুরুত্বপূর্ণ তথ্য অন্য ব্যক্তিদের কাছে প্রকাশ করে ফেলেন। বিশেষ করে ‘বিসিসি’ (ব্লাইন্ড কার্বন কপি) হিসেবে কোনো ই-মেইল পাওয়ার পর সেটির উত্তর পাঠালে অন্য প্রাপকেরাও তা জানতে পারেন। এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্কবার্তা পাঠানোর নতুন সুবিধা চালু করেছে জিমেইল।

নতুন এ সুবিধার আওতায় বিসিসি হিসেবে পাওয়া কোনো ই-মেইলে ‘রিপ্লাই টু অল’ নির্বাচন করলেই সতর্কবার্তা দেখাবে জিমেইল। পর্দার ওপরে হলুদ রঙের ব্যানার এ সতর্কবার্তা দেখা যাবে। এর ফলে বার্তা পাঠানোর আগে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। সুবিধাটি ব্যবহারের জন্য ব্যবহারকারীদের আলাদা করে কোনো সেটিংস চালু করতে হবে না। জিমেইলের হালনাগাদ ওয়েব সংস্করণে ব্যবহারকারীদের জন্য সুবিধাটি পর্যায়ক্রমে স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।

Visit biznow.biz for more information.

প্রসঙ্গত, বিসিসি সুবিধা মূলত নির্দিষ্ট ব্যক্তির পরিচয় অন্য প্রাপকদের কাছে গোপন রাখে। কিন্তু অসাবধানতাবশত ‘রিপ্লাই টু অল’ নির্বাচন করলে সেই গোপনীয়তা নষ্ট হওয়ার পাশাপাশি বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে। নতুন সতর্কবার্তাটি এমন ভুলের ঝুঁকি কমাবে বলে জানিয়েছে গুগল।

সাম্প্রতিক সময়ে জিমেইলে ধারাবাহিকভাবে একাধিক নতুন সুবিধা যুক্ত করছে গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন সুবিধা নিয়ে বিতর্ক থাকলেও অনেক ব্যবহারকারীর কাছে সেগুলো দৈনন্দিন কাজ আরও সহজ করে তুলছে। সম্প্রতি জিমেইলের সঙ্গে ক্যালেন্ডার ব্যবস্থাপনা আরও কার্যকর করা হয়েছে। পাশাপাশি এআইনির্ভর ইনবক্স–সুবিধাও যুক্ত হয়েছে, যার মাধ্যমে দ্রুত গুরুত্বপূর্ণ ই-মেইল খুঁজে পাওয়ার পাশাপাশি ইনবক্সে থাকা বার্তা সাজিয়ে রাখা যায়।

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ

Read full story at source