ফেসবুক লাইভে অঝোরে কাঁদলেন অভিনেত্রী, জানালেন আতঙ্ক ও অনিশ্চয়তার কথা
· Prothom Alo
.jpeg)
দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন জ্যোতিকা জ্যোতি। তাঁর দাবি, কেউ তাঁকে অভিনয়ের জন্য ডাকছে না। বিভিন্ন জায়গায় তাঁকে ‘ব্ল্যাক লিস্টেড’ করে রাখা হয়েছে। সামাজিক মাধ্যমেও নানা বিতর্কের কেন্দ্রে ছিলেন। এসব আর সহ্য করতে না পেরে ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন জ্যোতিকা জ্যোতি। তিনি দাবি করেছেন, মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত, কাজ পাচ্ছেন না, নানা মহল থেকে পরিকল্পিতভাবে তাঁকে একঘরে করে রাখা হচ্ছে। এমনকি আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘এই বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি।’
Visit esporist.org for more information.
আজ সোমবার সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে জ্যোতিকা বলেন, তিনি নিজেকে ‘হেল্পলেস’ অনুভব করছেন। তাঁর ভাষ্য, দীর্ঘদিন ধরে তাঁকে নিয়ে ট্রল, কটূক্তি ও ব্যক্তিগত আক্রমণ চলছে। শুধু সামাজিক মাধ্যমেই নয়, পেশাগত জীবনেও তিনি নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন।
জ্যোতিকা জ্যোতির দাবি, একটি প্রভাবশালী গোষ্ঠী তাঁকে পরিকল্পিতভাবে কাজ থেকে দূরে রাখছে। তবে সেই গোষ্ঠীর নাম তিনি প্রকাশ করেননি। বিভিন্ন গ্রুপিংয়ের কারণে নতুন কোনো কাজ পাচ্ছেন না বলেও জানান। ফলে একপ্রকার ঘরবন্দী জীবন কাটাতে হচ্ছে তাঁকে। তিনি বর্তমান সরকারের কাছে আবেদন জানিয়ে বলেন, ‘এর একটা শেষ করেন, প্লিজ।’
জ্যোতিকা জ্যোতির রাজনৈতিক অবস্থান নিয়েও দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা রয়েছে। বহুল আলোচিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের অন্যতম সদস্য ছিলেন। পাশাপাশি আওয়ামী লীগ সমর্থক শিল্পী হিসেবে পরিচিত থাকায় ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর তাঁকে নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলে অভিযোগ রয়েছে।
ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন জ্যোতিকা জ্যোতি। ভিডিও থেকেএর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে ঘিরেও আলোচনায় এসেছিলেন জ্যোতিকা। সে সময় তিনি প্রতিষ্ঠানটির গবেষণা বিভাগের পরিচালকের দায়িত্বে ছিলেন। সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে, তাঁকে অফিসকক্ষে আটকে রাখা হয়েছে। পরে ফেসবুক লাইভে এসে ঘটনার নিজের বর্ণনা দেন তিনি। সেই লাইভে কান্নাজড়িত কণ্ঠে জ্যোতি বলেছিলেন, ‘চলমান পরিস্থিতির কারণে তাঁকে অফিসে যেতে নিরুৎসাহিত করা হয়েছিল। তবু চাকরির দায়িত্ববোধ থেকে তিনি অফিসে যান। সেখানে গিয়ে উত্তেজনাপূর্ণ পরিবেশ দেখতে পান। পরে মহাপরিচালকের সঙ্গে কথা হলে তিনি পরিস্থিতি বিবেচনায় অফিস ছাড়ার পরামর্শ দেন।’
জ্যোতি জানান, নিজের কক্ষ থেকে ব্যক্তিগত জিনিসপত্র গুছিয়ে বের হওয়ার সময় তিনি বাইরে থাকা লোকজনের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন কিন্তু কেউ তাঁর সঙ্গে কথা বলতে রাজি হননি। সে অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘যে মুখগুলো আগে পরিচিত ছিল, সেগুলো সেদিন খুব অপরিচিত লাগছিল।’ কথাগুলো বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী।
জ্যোতিকা জ্যোতি। ফেসবুক থেকেফেসবুক লাইভে জ্যোতিকা জ্যোতি দাবি করেছেন, দুই বছর ধরে তাঁর হাতে তেমন কোনো কাজ নেই। এ সময়ে তাঁকে নিয়মিত অনলাইনে হয়রানি, কটূক্তি ও ব্যক্তিগত আক্রমণের শিকার হতে হয়েছে। আর্থিক সংকটের কথাও তুলে ধরে তিনি বলেন, অনেক সময় বাবা-মায়ের কাছ থেকে সাহায্য নিতে হচ্ছে, যা তাঁকে আরও মানসিকভাবে ভেঙে দিচ্ছে।
ফেসবুকে লাইভে জ্যোতিকা অভিযোগ করেন, ২০২৪ সালের পর থেকে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার ও হয়রানি বেড়ে যায়। তাঁর মতে, নিজের রাজনৈতিক ও আদর্শিক অবস্থানের কারণে একাধিক পক্ষের সমালোচনা, হুমকি এবং অনলাইন বুলিংয়ের মুখোমুখি হতে হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছে বলে দাবি করেন তিনি। দীর্ঘ সময় নিরাপত্তার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেননি। বিভিন্ন সময় তাঁকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, যা তাঁর জন্য অত্যন্ত কষ্টের।
জ্যোতিকা জানান, এসব ঘটনার প্রভাব পড়েছে তাঁর পেশাগত জীবনেও। তাঁর দাবি, অনেকেই তাঁকে নিয়ে কাজ করতে ভয় পান। এই ভয় পাওয়ার কথা তাঁকে জানিয়েছেনও। ফলে অভিনয়জীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। তিনি বলেন, ‘আমি কারও কাছে গিয়ে কাজ চাইতে পারি না। আপস করেও কাজ করতে পারি না। আমার জীবনটা নরকের মতো হয়ে গেছে।’
চেনা সহকর্মীরা অচেনা হয়ে গেলেন, শিল্পকলা থেকে বেরিয়ে জ্যোতিকা জ্যোতিলাইভে বর্তমান সরকারের প্রতি আবেদন জানিয়ে জ্যোতিকা জ্যোতি জানালেন, বর্তমান পরিস্থিতির অবসান চান। একই সঙ্গে দীর্ঘদিনের মানসিক চাপের কারণে শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান।
ফেসবুক লাইভের একেবারে শেষ দিকে আবেগাপ্লুত কণ্ঠে জ্যোতিকা জ্যোতি বলেন, ‘আমি হেল্পলেস। আমি দুঃখিত, এভাবে আমার দুর্বলতা প্রকাশ করতে হলো। কিন্তু আমার আর শক্তি নেই। আমার মনে হচ্ছে, আমি আর ঘুরে দাঁড়াতে পারব না।’
২০০৪ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পথচলা শুরু করেন ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর জ্যোতিকা জ্যোতি। টেলিভিশন নাটকের পাশাপাশি তিনি অভিনয় করেছেন ‘আয়না’, ‘নন্দিত নরকে’, ‘জীবনঢুলি’, ‘অনিল বাগচীর একদিন’, ‘মায়া: দ্য লস্ট মাদার’, ‘লাল মোরগের ঝুঁটি’ এবং কলকাতার ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে।