রুশ হামলা প্রতিহত করতে গিয়ে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

· Prothom Alo

ইউক্রেন যুদ্ধের ১ হাজার ৬১৮তম দিনে রণক্ষেত্রের উত্তেজনা আরও বেড়েছে। সম্মুখসমরে দায়িত্ব পালনের সময় ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানের পাইলট নিরাপদে বের হয়ে গেছেন। রুশ আকাশ হামলা প্রতিহত করার দায়িত্বে থাকা অবস্থায় বিমানে ত্রুটি দেখা দিলে সেটি বিধ্বস্ত হয়। এ সময় পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা এখন দুর্ঘটনাস্থল পরীক্ষা করছেন। নেদারল্যান্ডস, ডেনমার্কসহ বিভিন্ন ন্যাটো দেশ থেকে এসব বিমান পেয়েছে ইউক্রেন।

Visit asg-reflektory.pl for more information.

এদিকে রাশিয়ার একটি ড্রোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পরিচালককে গুলি করে আহত করা হয়েছে। সরকারি কৌঁসুলিরা একে ‘হত্যাচেষ্টা’ বলে উল্লেখ করেছেন। আহত আন্দ্রেই চেরেজভ রুশ এয়ার ট্রান্সপোর্ট ল্যাবরেটরির প্রধান। এ প্রতিষ্ঠান ‘ওভোদ’ সিরিজের যুদ্ধ ড্রোন তৈরির জন্য পরিচিত। গতকাল বুধবার রাতে কাজ থেকে ফেরার সময় এক অজ্ঞাত হামলাকারী তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মস্কো থেকে ১৫০ কিলোমিটার দূরে তুলা শহরে এই হামলা চালানো হয়।

রাশিয়ার দুটি বড় তেল শোধনাগারে গত মঙ্গলবার রাতে হামলা চালিয়েছে ইউক্রেন। এগুলোর একটি ইউক্রেন সীমান্ত থেকে ১ হাজার ৫০০ কিলোমিটার দূরে পার্ম অঞ্চলে অবস্থিত। অন্যটি সীমান্ত থেকে ৪০০ কিলোমিটার দূরে রিয়াজান এলাকায় অবস্থিত। ইউক্রেনীয় সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

দুটি শোধনাগারের সম্মিলিত বার্ষিক উৎপাদনক্ষমতা প্রায় ২২ কোটি ব্যারেল। হামলার পর ওয়াইল্ডবেরিজ জানিয়েছে, তারা রিয়াজানের কার্যালয় থেকে কর্মীদের সরিয়ে নিয়েছে।

ই-কমার্স প্রতিষ্ঠানের ওপর ইউক্রেনীয় ড্রোন হামলার পর বিপাকে পড়েছে রাশিয়ার বৃহত্তম ব্যাংক ‘এসবারব্যাংক’। ব্যাংকটি এখন ঋণ পুনর্গঠন করতে হিমশিম খাচ্ছে। ড্রোন হামলার কারণে অনলাইন বিক্রেতাদের ঋণ পরিশোধের সক্ষমতা কমে গেছে। ফলে প্রায় ৩০০টি প্রতিষ্ঠান ঋণ পুনর্গঠনের আবেদন করেছে। এসবারব্যাংক মূলত আক্রান্ত প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজ ও তাদের প্রতিদ্বন্দ্বী ওজোন—উভয় প্রতিষ্ঠানকেই ঋণ দিয়ে থাকে।

এদিকে ডলারের বিপরীতে রুবলের মান আরও ১ দশমিক ৯ শতাংশ কমেছে। মে মাসের পর থেকে রুবলের মান কমেছে প্রায় ১৪ শতাংশ।

গত তিন সপ্তাহে ২০১টি রুশ নৌযানে আঘাত হেনেছে ইউক্রেনীয় বাহিনী। কৃষ্ণসাগর ও আজভ সাগরে এ হামলা চালানো হয়। তবে এই হিসাবে অন্য সামরিক ইউনিটের চালানো বিষয়টি হিসাব অন্তর্ভুক্ত করা হয়নি। এ ছাড়া রাশিয়ার একটি নৌঘাঁটি ও ব্রিয়ানস্ক অঞ্চলের একটি রাডার স্টেশনেও হামলা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ার বোমা হামলায় ইউক্রেনের খারকিভে ১১ জন আহত হয়েছেন। অন্যদিকে খেরসনে রুশ ড্রোন হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরোভের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সহায়তার অভিযোগ এনেছেন রাশিয়ার কর্মকর্তারা। ৪১ বছর বয়সী এই রুশ বংশোদ্ভূত বিলিয়নিয়ার সংযুক্ত আরব আমিরাতে বসবাস করেন। তিনি বরাবরই ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগব্যবস্থার ওপর ক্রেমলিনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টার বিরোধিতা করে আসছেন। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) এখন টেলিগ্রামের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।

মস্কোর একটি আদালতে রাষ্ট্রদ্রোহের অপরাধ স্বীকার করেছেন রাশিয়ার সাংবাদিক দারিয়া শিপাচেভা। আদালত গতকাল তাঁকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন। ইউক্রেনে অর্থ পাঠানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল।

শিপাচেভা মূলত বিজ্ঞান ও চিকিৎসা বিষয়ে সাংবাদিকতা করতেন। তিনি রাশিয়ার বেশ কয়েকটি নামী গণমাধ্যমেও কাজ করেছেন। সাংবাদিকদের অধিকার রক্ষা কমিটির (সিপিজে) তথ্য অনুযায়ী, পেশাগত কাজের কারণে রাশিয়ায় বর্তমানে অন্তত ২৯ জন সাংবাদিক কারাবন্দী আছেন।

রুশ ভাষ্যকার জেনিয়া ফেদোরোভাকে ফ্রান্স ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁর বিরুদ্ধে ক্রেমলিনের পক্ষে অপপ্রচার চালানোর অভিযোগ এনেছে। ফেদোরোভা আগে ফ্রান্সে নিষিদ্ধ হওয়া ‘আরটি ফ্রান্স’ চ্যানেলের প্রধান ছিলেন। তাঁর আইনজীবী এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।

রুশ অ্যাথলেটদের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে ইউক্রেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) এই সিদ্ধান্তকে তারা সময়ের আগে নেওয়া পদক্ষেপ বলে মন্তব্য করেছে। ইউক্রেনের ভাষ্য অনুযায়ী, আইওসির এই পদক্ষেপ অলিম্পিক সনদের পরিপন্থী।

Read full story at source