দারিদ্র্যকে জয় করে সেনাবাহিনীতে যোগদানের প্রত্যয় সিয়ামের

· Prothom Alo

অভাব-অনটনের সংসার আর প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশের সেবা করার এক দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলছে রাজশাহীর তালাইমারি এলাকার কিশোর মোঃ সিয়াম। সব বাধা-বিপত্তি পেরিয়ে ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের স্বপ্ন দেখছে সে। সিয়াম বর্তমানে রাজশাহী আলোর পাঠশালার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। দুই ভাই ও এক বোনের মধ্যে সে মেজো। মা-বাবা ও ভাইবোনদের নিয়ে তালাইমারির কেদুর মোড় এলাকায় তাদের বসবাস। পরিবারের প্রধান উপার্জনকারী সিয়ামের বাবা জীবিকার তাগিদে প্রতিদিন নদীতে মাছ শিকার করতে যান। বাবার এই সীমিত ও অনিশ্চিত আয়ের ওপর ভর করেই কোনোমতে চলে তাদের পাঁচ সদস্যের পরিবার। সংসারের নিত্যদিনের প্রয়োজনীয় চাহিদা পূরণ করা যেখানে কঠিন, সেখানে পড়ালেখা চালিয়ে যাওয়া সিয়ামের জন্য ছিল এক বড় সংগ্রাম।

তবে চরম দারিদ্র্যও দমাতে পারেনি সিয়ামের অদম্য ইচ্ছাকে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন বড় হয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করা। মূলত সেনাবাহিনীর শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন, গভীর দেশপ্রেম এবং মানুষের বিপদে পাশে দাঁড়ানোর মানসিকতা থেকেই তার মনে এই স্বপ্নের জন্ম হয়। সিয়াম দৃঢ়ভাবে বিশ্বাস করে, কঠোর পরিশ্রম, সততা ও শিক্ষার মাধ্যমে সে একদিন তার এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। সিয়ামের এই স্বপ্নযাত্রায় বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে রাজশাহী আলোর পাঠশালা। বিদ্যালয়ের শিক্ষকেরা শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না রেখে, তাদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তুলতেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষকদের আন্তরিক স্নেহ ও দিকনির্দেশনা সিয়ামকে পড়াশোনায় আরও বেশি মনোযোগী করে তুলেছে।

Visit playerbros.org for more information.

পাশাপাশি, প্রথম আলো ট্রাস্টের সহযোগিতা সিয়ামের মতো অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এই ট্রাস্টের সহায়তার কারণেই আর্থিক সংকটের মধ্যেও সিয়াম তার শিক্ষাজীবন নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যেতে পারছে। সিয়ামের মা আবেগপ্লুত হয়ে বলেন, ' আমরা গরিব মানুষ। অনেক কষ্ট করে সংসার চালাতে হয়। কিন্তু আমাদের সব কষ্টের মাঝেও একটাই বড় আশা আমার ছেলে যেন ভালোভাবে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারে।' দারিদ্র্য ও সীমাবদ্ধতার মাঝেও সিয়ামের এই এগিয়ে যাওয়ার গল্প সমাজের আরও অনেক সুবিধাবঞ্চিত শিশুর জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা। প্রথম আলো ট্রাস্ট ও রাজশাহী আলোর পাঠশালার যৌথ প্রচেষ্টায় সিয়ামের মতো অসংখ্য শিশু আজ নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, যারা একদিন নিজের যোগ্যতায় দেশের মুখ উজ্জ্বল করবে এবং পরিবারের মুখে হাসি ফোটাবে।

Read full story at source