বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন

· Prothom Alo

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধার, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসাসেবা, যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় দেশের ১১ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানিয়েছে।

বিজিবি বলছে, বান্দরবান, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর জেলায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় এসব জেলায় মোট ৯০টি পয়েন্টে সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটর করছে বিজিবি। প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার ও মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।

Visit betsport.cv for more information.

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবানের বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ১১৬ জন পর্যটকসহ ১২২টি পরিবারের ৬ শতাধিক মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে এবং ৪৮ জনকে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

এ ছাড়া বান্দরবান–রোয়াংছড়ি সড়কে উপড়ে পড়া গাছ ও ধ্বংসাবশেষ অপসারণ করে যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধারে কাজ করছে বিজিবি। কক্সবাজারের নাইক্ষ্যংছড়িতে ভূমিক্ষয়ের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া একটি স্টিলের সেতু রক্ষায়ও জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করা যায়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানো বাহিনীর দায়িত্বের অংশ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যাদুর্গত মানুষের জন্য উদ্ধার, ত্রাণ, চিকিৎসাসহ অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Read full story at source