সাহিত্যচর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে চাঁদপুরে প্রশিক্ষণ কর্মশালা

· Prothom Alo

চাঁদপুরে সাহিত্যবিষয়ক কর্মশালায় কথাসাহিত্যিক আনিসুল হককে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। শুক্রবার বিকেলে

সাহিত্যচর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে ও সৃজনশীল লেখালেখির মানোন্নয়নের লক্ষ্যে চাঁদপুরে সাহিত্যবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর সাহিত্য একাডেমির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত কর্মশালায় অর্ধশত কবি, লেখক ও সাহিত্যপ্রেমী প্রশিক্ষণার্থীরা অংশ নেন।

কর্মশালার আহ্বায়ক ও সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য মোরশেদা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ। কর্মশালার উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও সাহিত্য একাডেমির সভাপতি আহমেদ জিয়াউর রহমান। উদ্বোধনী পর্বে অতিথি ও প্রশিক্ষকদের ফুলেল শুভেচ্ছা এবং শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।

Visit sportbet.reviews for more information.

কর্মশালার প্রথম অধিবেশনে দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক কথাসাহিত্যবিষয়ক বিস্তৃত আলোচনা উপস্থাপন করেন। তিনি বাংলা ভাষার খ্যাতিমান কবি, সাহিত্যিক ও গল্পকারদের বিভিন্ন রচনা, উপমা, ভাষাশৈলী ও অভিজ্ঞতার আলোকে কথাসাহিত্যের নানা দিক তুলে ধরেন।

পরবর্তী অধিবেশনে চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শরীফ মাহমুদ চিশতী কবিতা রচনা, ভাষার সৌন্দর্য, ছন্দ, অলংকার ও কাব্যচর্চার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেন। এরপর একই কলেজের সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান প্রবন্ধ ও গবেষণার বিষয়বস্তু নির্বাচন, তথ্য-উপাত্ত সংগ্রহ, গবেষণা পদ্ধতি এবং প্রবন্ধ রচনার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালায় প্রথমা প্রকাশনের সমন্বয়ক মেরিনা ইয়াসমিন, বিশিষ্ট গীতিকার কবির বকুল, প্রথম আলোর চাঁদপুর বন্ধুসভার সভাপতি মাসুদ হাসান, সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন শিশু, সাহিত্য একাডেমির সদস্য, প্রশিক্ষণার্থীসহ জেলার বিভিন্ন পর্যায়ের কবি, লেখক ও সাহিত্যপ্রেমীরা উপস্থিত ছিলেন। কর্মশালার সমাপনী পর্বে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেন অতিথিরা।

বন্ধুসভার বৃক্ষরোপণ ও আলোচনা সভা

এদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রথম আলো চাঁদপুর বন্ধুসভার আয়োজনে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলোর চাঁদপুর বন্ধুসভার সভাপতি মাসুদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ ইখতিয়ার উদ্দিন শিশুর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ।

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হককে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দেওয়া হয়। এ সময় প্রথম আলোর হেড অব কালচারাল প্রোগ্রাম গীতিকার কবির বকুল, আনিসুল হকের সহধর্মিণী মেরিনা ইয়াসমিন, ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নুরুল আমিন আকাশ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, ‘যা কিছু ভালো, তার সাথে প্রথম আলো। আজকে চাঁদপুরে এসে দেখলাম, আমাদের বন্ধুসভা অনেক ভালো ভালো কাজ করছে। আমরা মানুষের জন্যে, সমাজের জন্যে সারা বছর নানা কাজ করে থাকি। চাঁদপুরে দেখলাম ক্লিন চাঁদপুর নামে একটি সামাজিক সংগঠনও সামাজিক অনেক ভালো ভালো কাজ করছে। শহরের বিভিন্ন বৈদ্যুতিক পিলার ও গাছকে রংতুলির ছোঁয়ায় রঙিন করে তুলেছে। রাস্তার দুই পাশে সারি সারি নানা গাছ লাগিয়ে পরিবেশকে সুন্দর করেছে। তাঁদের কাজ দেখে ভালো লেগেছে।’

Read full story at source