আয়কর নিরীক্ষা থেকে অব্যাহতির নামে প্রতারণা, সতর্ক করল এনবিআর
· Prothom Alo

আয়কর নথি নিরীক্ষা থেকে অব্যাহতির লোভ দেখিয়ে টাকাপয়সা দাবি করছেন প্রতারক চক্র। এ নিয়ে সতর্ক করেছে জাতীয় রাস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর বলছে, এনবিআরের কোনো কর্মকর্তা বা কর্মচারী করদাতার কর নথি নিরীক্ষাসংক্রান্ত বিষয়ে ব্যক্তিগত মুঠোফোন নম্বর বা অননুমোদিত মাধ্যমে যোগাযোগ করেন না। নিরীক্ষার জন্য ফাইল নির্বাচিত হলে তা আইনানুযায়ী আনুষ্ঠানিকভাবে লিখিত নোটিশের মাধ্যমে করদাতাকে জানানো হয়।
Visit livefromquarantine.club for more information.
আজ রোববার সকালে এনবিআর এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে করদাতাদের সতর্ক করেছে।
এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ করা গেছে এক শ্রেণির প্রতারক চক্র করদাতাদের কর নথি নিরীক্ষায় পড়ার তথ্য দিয়ে বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে যোগাযোগ করছেন। তাঁরা নিরীক্ষা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে বা আইনি জটিলতার ভয় দেখিয়ে করদাতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ দাবি করছেন এবং অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
এ জন্য কয়েকটি বিষয় খেয়াল রাখার জন্য করদাতাদের অনুরোধ করেছে এনবিআর। সেগুলো হলো—
১. লিখিত নোটিশ ছাড়া কোনো যোগাযোগ নয়
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কোনো কর্মকর্তা বা কর্মচারী করদাতার কর নথি নিরীক্ষাসংক্রান্ত বিষয়ে ব্যক্তিগত মুঠোফোন নম্বর বা অননুমোদিত মাধ্যমে যোগাযোগ করেন না। নিরীক্ষার জন্য ফাইল নির্বাচিত হলে তা আইনানুযায়ী আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমে করদাতাকে জানানো হয়।
২. আর্থিক লেনদেনে সতর্কতা
করসংক্রান্ত যেকোনো বকেয়া কর বা ফি শুধু সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি করদাতার কাছ থেকে ব্যক্তিগতভাবে, বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং বা ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ নেওয়ার এখতিয়ার রাখেন না।
৩. তথ্য যাচাই করুন
এ ধরনের কোনো সন্দেহজনক ফোন কল, খুদে বার্তা বা ই–মেইল পেলে বিভ্রান্ত না হয়ে অবিলম্বে আপনার সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে সত্যতা যাচাই করুন।
৪. আইনি ব্যবস্থা
কোনো প্রতারক চক্র যদি এনবিআরের কর্মকর্তা সেজে অর্থ দাবি করেন, তাহলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে (পুলিশ) অবহিত করুন এবং প্রতারকের ফোন নম্বরটি সংরক্ষণ করুন। জাতীয় রাজস্ব বোর্ড করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা প্রদানে বদ্ধপরিকর। কোনো অবস্থাতেই এ ধরনের প্রতারকদের ফাঁদে পা দিয়ে কোনো আর্থিক লেনদেন না করার জন্য বিনীত অনুরোধ করা হলো।
নিরীক্ষায় পড়েছে এক লাখ করদাতা
এ পর্যন্ত তিন দফায় নিরীক্ষায় পড়া করদাতার সংখ্যা এক লাখ পেরোল। সর্বশেষ গত ২৯ জুন ৫ হাজার ১৪ জন করদাতার আয়কর নথি নিরীক্ষার জন্য বাছাই করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
প্রথম দফায় গত বছরের জুলাইয়ে ১৫ হাজার ৪৯৪ করদাতার রিটার্ন নথি নিরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে। গত এপ্রিলে দ্বিতীয় দফায় ৭২ হাজার ৩৪১ করদাতার রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচন করা হয়। সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে ২০২৩–২৪ করবর্ষের জন্য জমা দেওয়া রিটার্ন নিরীক্ষার জন্য বিবেচনা করা হয়।
আপনি কীভাবে জানবেন, আপনার রিটার্নটি নিরীক্ষায় পড়ল কি না। এ জন্য আপনাকে এনবিআরের ওয়েবসাইটে যেতে হবে। সেখানে নিরীক্ষার জন্য যাঁদের রিটার্ন বাছাই করা হয়েছে, সেই তালিকা প্রকাশ করা হয়েছে। এক্সেল শিটে দেওয়া ওই তালিকা ধরে আপনি সহজেই আপনার কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) দিয়ে খুঁজতে পারবেন।