মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বিক্ষোভের হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের

· Prothom Alo

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি। বৃহস্পতিবারের মধ্যে মামলা প্রত্যাহার না হলে পরদিন শুক্রবার সারা দেশে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন।

Visit betsport.cv for more information.

গত শনিবার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলাটি করেন জালাল আহমেদ খোকন তালুকদার নামের এক ব্যক্তি। ফয়জুল করীম ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের ছোট ভাই।

এই মামলার প্রেক্ষাপটে বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের জরুরি বৈঠক হয়। বৈঠক শেষে ইসলামী আন্দোলনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেন, সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম একজন জাতীয় নেতা, জুলাই গণ-অভ্যুত্থানের শীর্ষ রাহবার। সেই নেতার বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করা একটি ফ্যাসিবাদী আচরণ। নতুন বাংলাদেশে এটা সহ্য করা হবে না।

হুঁশিয়ারি উচ্চারণ করে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ২৫ জুনের (বৃহস্পতিবার) মধ্যে মামলা প্রত্যাহার করতে হবে। যদি এই ফ্যাসিবাদী চরিত্রের ভিত্তিহীন মামলা প্রত্যাহার করা না হয়, তাহলে ২৬ জুন (শুক্রবার) ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করা হবে।

ইউনুস আহমদ আরও বলেন, ‘রাঙামাটি জেলার লংগদু উপজেলায় ইসলামী আন্দোলনের জেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা আবদুল মান্নানকে নির্মমভাবে কুপিয়েছেন লংগদু উপজেলার ৩ নম্বর গুলশাখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। প্রশাসনকে বলব, এই সন্ত্রাসীর বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।’

বৈঠকে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

Read full story at source