‘থ্রি ইডিয়টস’–এর সিকুয়েলে কী থাকবে

· Prothom Alo

২০০৯ সালে চেতন ভগতের উপন্যাস অবলম্বনে নির্মিত রাজকুমার হিরানির সিনেমা ‘থ্রি ইডিয়টস’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। পর্দায় তিন বন্ধু র‍্যাঞ্চো-ফারহান-রাজুর গল্প পছন্দ করেছিল দর্শকেরা। এরপর কেটে গেছে প্রায় দেড় যুগ। অনেকবারই সিকুয়েলের কথা শোনা গেলেও বাস্তব রূপ পায়নি। কদিন আগেই ছবির অভিনেতা আমির খান নিজেই নিশ্চিত করেছেন ‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েল আসছে। এবার ছবিটি নিয়ে নতুন তথ্য জানালেন পরিচালক রাজকুমার হিরানি। সিনেমাটির সিকুয়েল বা দ্বিতীয় ভাগের কাজের অগ্রগতি থেকে জানিয়েছেন, গল্প নিয়ে।

Visit moryak.biz for more information.

‘থ্রি ইডিয়টস’ ছবিতে আমির, মাধবন ও শারমান

সম্প্রতি দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রাজকুমার হিরানি জানান, সিকুয়েলের গল্পে চরিত্রদের বয়স বাস্তব জীবনের মতোই এগিয়ে যাবে। কলেজজীবনের সেই তরুণ ছাত্ররা এখন আর তরুণ নেই, তারা জীবনের এক অন্য কঠিন বাস্তবতার মুখোমুখি। পরিচালক বলেন, ‘আমরা “থ্রি ইডিয়টস”–এর সিকুয়েলের চিত্রনাট্য নিয়ে কাজ করছি। এবার গল্পে র‍্যাঞ্চো-ফারহান-রাজুকে এক চরম মাঝবয়সের সংকট বা “মিড-লাইফ ক্রাইসিস”–এর মধ্য দিয়ে যেতে দেখা যাবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবন, পরিবার ও ক্যারিয়ারের যে নতুন চাপ তৈরি হয়, সেটাই হবে এই গল্পের মূল কেন্দ্রবিন্দু।’

রাজকুমার হিরানি

বলিউডে আজকাল যেকোনো সফল ছবির সিকুয়েল বানিয়ে ব্যবসার ট্রেন্ড চললেও, রাজকুমার হিরানি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি মানের সঙ্গে কোনো আপস করবেন না। ছবির চিত্রনাট্য যতক্ষণ না প্রথম ভাগের মতোই নিখুঁত ও শক্তিশালী হচ্ছে, ততক্ষণ তিনি শুটিং ফ্লোরে নামবেন না।
হিরানির কথায়, ‘এ সিনেমা মানুষের আবেগের সঙ্গে জড়িত। তাই কেবল ব্র্যান্ড ভ্যালুকে ব্যবহার করে সস্তা উপায়ে টাকা কামানোর জন্য দ্বিতীয় ভাগ আনতে চাই না। একটি যথাযথ ও অর্থপূর্ণ চিত্রনাট্য তৈরি হলেই আবার ক্যামেরা চালু করব।’

‘থ্রি ইডিয়টস’ ছবিতে আমিরের সঙ্গে কারিনা

গত এপ্রিলে সিকুয়েলের সুখবরে সিলমোহর দিয়ে আমির খান জানান, প্রথম ভাগের গল্পের ঠিক ১০ বছর পর থেকে শুরু হবে দ্বিতীয় ভাগ। অর্থাৎ কলেজজীবন পার করে চরিত্ররা যখন বাস্তব দুনিয়ায় নিজেদের প্রতিষ্ঠিত করেছে, ঠিক সেই সময়কার প্রেক্ষাপটেই বোনা হয়েছে নতুন গল্প। আমির বলেন, ‘রাজু (রাজকুমার হিরানি) এই মুহূর্তে “থ্রি ইডিয়টস ২”–এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছে। আমি ইতিমধ্যে গল্পটা শুনেছি এবং এটা এককথায় অসাধারণ। ছবিটির গল্পে এর চরিত্রদেরই অনুসরণ করা হবে, তবে গল্পটা এগিয়ে যাবে ঠিক ১০ বছর পর থেকে।’

২৫০ আসনের হল ভাড়া নিয়ে ‘থ্রি ইডিয়টস’ দেখাবেন পাকিস্তানি যুবক

কিছুদিন আগে আমির খান, আর মাধবন ও শারমান জোশীকে একসঙ্গে একটি বিজ্ঞাপনের প্রমোশনে দেখা গিয়েছিল, যেখানে তাঁরা ‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে প্রেস কনফারেন্সের অভিনয় করেছিলেন। সেই ভিডিওটি ভাইরাল হতেই নেটপাড়ায় শোরগোল পড়ে যায়। হিরানির এই নতুন মন্তব্যের পর অনুরাগীদের সেই জল্পনা এখন সত্যি প্রমাণিত হলো।


হিন্দুস্তান টাইমস অবলম্বনে

Read full story at source