সড়কের পাশের ঝোপে পড়ে ছিল নিখোঁজ অটোরিকশাচালকের লাশ, একজন গ্রেপ্তার

· Prothom Alo

কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের এক দিন পর এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার বৈলাবাড়ি গ্রামের দড়েরপাড় এলাকার একটি সড়কের পাশের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির বাবা দুপুরেই থানায় হত্যা মামলা করেন। বিকেলে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত মাহবুল (২৮) মুরাদনগর উপজেলার গকুলনগর গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার মো. নাঈম ইসলাম (২৫) দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ টিলি গ্রামের বাসিন্দা। তিনি পরিবারের সঙ্গে মুরাদনগরের নগরপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

Visit likesport.biz for more information.

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাহবুল তাঁর অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরিবারের সদস্যদের তিনি জানান, দুজন যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিতে যাচ্ছেন। এরপর রাত গভীর হলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।

মাহবুলের স্বজনেরা জানান, রাতভর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিনও তাঁর খোঁজ না মেলায় পরিবারের উদ্বেগ বেড়ে যায়। শনিবার দুপুরে স্থানীয় কয়েকজন টনকী ইউনিয়নের বৈলাবাড়ি গ্রামের দড়েরপাড় এলাকায় সড়কের পাশের ঝোপে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। বাঙ্গরা বাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে স্বজনেরা মাহবুলের লাশ শনাক্ত করেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিউল আলম বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই বা চুরির উদ্দেশ্যে মাহবুলকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। দুপুরে লাশ উদ্ধারের পর মাহবুলের বাবা নুরুল ইসলাম বাঙ্গরা বাজার থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন। অভিযান চালিয়ে বিকেলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। মাহবুলের অটোরিকশাটি কোদালকাটা-মির্জাপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামিকে রোববার আদালতে পাঠানো হবে।

Read full story at source