মুন্সিগঞ্জে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন
· Prothom Alo

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় সোহেল মুন্সী (৩৯) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তাঁর ব্যবহৃত মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে নিহত সোহেলের স্বজনেরা। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার গাওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহত সোহেলের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন সোহেল মুন্সী। তাঁর স্ত্রী নূপুর সন্তানকে নিয়ে পাশের কক্ষে শাশুড়ির সঙ্গে ছিলেন। গভীর রাতে বাড়ির উঠানে আগুন দেখতে পেয়ে তাঁরা বাইরে এসে দেখেন, উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন সোহেল। পাশেই তাঁর ব্যবহৃত মোটরসাইকেলে আগুন জ্বলছিল।
Visit umafrika.club for more information.
স্বজনদের ধারণা, দুর্বৃত্তরা গভীর রাতে সোহেলকে ঘর থেকে ডেকে বা বের করে এনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে ঘটনাকে ভিন্ন খাতে নেওয়া বা আলামত নষ্টের উদ্দেশ্যে মোটরসাইকেলে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ভোরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহানুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গভীর রাতে দুর্বৃত্তরা তাঁকে ঘর থেকে বের করে এনে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে। ঘটনাটি মাদক, ভাঙারি ব্যবসাকে কেন্দ্র করে হতে পারে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।