খুলনায় মসজিদের বারান্দা থেকে দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার
· Prothom Alo

খুলনার হরিণটানা থানার কৈয়াবাজার এলাকায় একটি মসজিদের বারান্দা থেকে একজন দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে জয়খালী উত্তরপাড়া বাইতুল মা’মুর জামে মসজিদের বারান্দায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।
Visit freshyourfeel.com for more information.
নিহত ব্যক্তির নাম ডালিম গাজী (৪৫)। তিনি কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার বাসিন্দা ছিলেন।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডালিম গাজীর লাশ উদ্ধার করে। তাঁর গলা কাটা ছিল। এ ছাড়া মাথায় ইটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ইটও জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।