সংখ্যালঘুদের ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের
· Prothom Alo

সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের আট দফা দাবি বাস্তবায়নে সরকারকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। পাশাপাশি ধর্মীয় বৈষম্যবিরোধী মানবাধিকারের আন্দোলনকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।
Visit turconews.click for more information.
বুধবার সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় ঐক্য পরিষদের নেতারা এ আহ্বান জানান। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মণীন্দ্র কুমার নাথ।
আলোচনা সভায় ঐক্য পরিষদের নেতারা বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাহাত্তরের গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক সংবিধান আজ বহুমুখী চ্যালেঞ্জের সম্মুখীন। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে পরিগণিত হচ্ছেন। তাঁরা নানাভাবে বৈষম্য ও নির্যাতনের শিকার। এসব বৈষম্যের অবসানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান নেতারা।
ঐক্য পরিষদের আট দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, জনসংখ্যার আনুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা, দেবোত্তর সম্পত্তি আইন প্রণয়ন এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন।