কুমিল্লায় পারিবারিক কলহের জেরে ছোট ভাই খুন, বড় ভাই আটক
· Prothom Alo

কুমিল্লা সদর দক্ষিণে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোয়ালগাঁও গ্রামে এই খুনের ঘটনা ঘটে।
Visit moryak.biz for more information.
নিহত মো. ফয়সাল (২৪) পূর্ব জোড়কানন ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই মোর্শেদকে (৪০) আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে পারিবারিক কলহের জেরে ফয়সালের সঙ্গে তাঁর বড় ভাই মোর্শেদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মোর্শেদ ধারালো ছুরি দিয়ে ফয়সালের বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই অভিযানে নামে পুলিশ। পরে সদর দক্ষিণের সুয়াগাজী বাজার এলাকা থেকে মোর্শেদকে আটক করা হয়।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।