কুকুর কবে থেকে মানুষের বন্ধু হয়েছে
· Prothom Alo
যুক্তরাজ্যের সমারসেটের মাটির নিচে সন্ধান পাওয়া কুকুরের চোয়ালের একটি হাড়ের টুকরা মানুষ ও কুকুরের বন্ধুত্বের চিরচেনা ইতিহাস বদলে দিয়েছে। সাম্প্রতিক এক জিনগত গবেষণায় প্রমাণিত হয়েছে, মানুষ ও কুকুরের এই ঘনিষ্ঠ সম্পর্ক আমরা যা ভেবেছিলাম, তার চেয়েও অনেক পুরোনো। ডিএনএ বিশ্লেষণের তথ্য অনুযায়ী, চোয়ালটি ইতিহাসের অন্যতম প্রাচীন গৃহপালিত কুকুরের। আজ থেকে প্রায় ১৫ হাজার বছর আগে যুক্তরাজ্যে মানুষ ও কুকুর একসঙ্গে বসবাস করত, যা কৃষিকাজ শুরু হওয়া বা বিড়ালের গৃহপালিত হওয়ারও কয়েক হাজার বছর আগের ঘটনা। এই আবিষ্কার কুকুরের বিবর্তনের সময়কে আরও ৫ হাজার বছর পিছিয়ে দিয়েছে।
সমারসেটের চেডার গর্জে অবস্থিত বিখ্যাত গফ’স কেভ থেকে ১৯২০ দশকে এই হাড় উদ্ধার করা হয়েছিল। কয়েক দশক ধরে এটি জাদুঘরের ড্রয়ারে অবহেলায় পড়ে ছিল। কারণ, সবাই এটিকে গুরুত্বহীন বলে মনে করেছিলেন। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি জাদুঘরের বিজ্ঞানী উইলিয়াম মার্শ ১০ বছর আগে প্রকাশিত একটি অস্পষ্ট গবেষণাপত্র পড়ে সন্দেহ করেন, সেটি কুকুরের হাড় হতে পারে। এরপর তিনি এর জেনেটিক বিশ্লেষণ বা ডিএনএ পরীক্ষা করেন। ফলাফলে দেখা যায়, এটি সত্যিই একটি কুকুরের চোয়াল।
Visit cat-cross.com for more information.
বিজ্ঞানী মার্শ বলেন, প্রায় ১৫ হাজার বছর আগেই কুকুর ও মানুষের মধ্যে অত্যন্ত নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল। এই ছোট্ট ৯ সেন্টিমিটারের হাড়ের টুকরাটি আমাদের ইতিহাসের একটি বিশাল রহস্য উন্মোচন করেছে। বরফ যুগের শেষ দিকে ধূসর নেকড়েরা মানুষের আস্তানা বা ক্যাম্পের চারপাশে ঘোরাঘুরি করত উচ্ছিষ্ট খাবারের আশায়। মানুষের সংস্পর্শে এসে ধীরে ধীরে শান্ত হতে থাকে তারা। এরপর মানুষ শিকার, পাহারা এবং ট্র্যাকিংয়ের কাজে প্রাণীটিকে ব্যবহার করতে শুরু করে। কয়েক শ প্রজন্ম পর এদের শারীরিক গঠনে পরিবর্তন আসে। তখন দাঁত ছোট হয়ে যায় এবং আকারেও বৈচিত্র্য আসে।
গফ’স কেভের কুকুরের জেনেটিক সিগনেচার ব্যবহার করে পশ্চিম ইউরোপ এবং তুরস্কের (সেন্ট্রাল আনাতোলিয়া) সমসাময়িক হাড়ের নমুনা পরীক্ষা করা হয়। তখন দেখা যায়, সেগুলোও ছিল কুকুরের; অর্থাৎ ১৫ হাজার বছর আগেই কুকুরের এই আদি গোষ্ঠী পুরো ইউরোপ এবং এশিয়ায় ছড়িয়ে পড়েছিল। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের বিজ্ঞানী সেলিনা ব্রেস জানিয়েছেন, রাসায়নিক পরীক্ষায় দেখা গেছে, ওই কুকুর ঠিক সেই খাবারই খেত, যা তাদের মনিবেরা খেত। তুরস্কে তারা মানুষের সঙ্গে মাছ ভাগ করে খেত, আবার গফ’স কেভে তারা মানুষের মতোই মাংস ও উদ্ভিজ্জ খাবার খেত; অর্থাৎ ১৫ হাজার বছর আগেও তাদের মধ্যে আজকের মতোই গভীর সাহচর্য ছিল।
সূত্র: বিবিসি