বাংলাদেশে পরবর্তী প্রজন্মের এআই ল্যাপটপ আনল আসুস
· Prothom Alo

প্রযুক্তিবিশ্বের বর্তমান আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর কেবল তাত্ত্বিক কোনো বিষয় নয়, বরং তা আমাদের প্রাত্যহিক কাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এই রূপান্তর সামনে রেখে গতকাল বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে নিজেদের তৈরি পরবর্তী প্রজন্মের জেনবুক ডুও, জেনবুক ১৪, জেনবুক এস ১৬ এবং ভিভোবুক ১৬ মডেলের এআই ল্যাপটপ উন্মোচন করেছে আসুস বাংলাদেশ।
আসুসের নতুন এআই ল্যাপটপ‘অলওয়েজ ইনক্রেডিবল’ থিম নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে আসুসের এশিয়া প্রশান্ত অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক পিটার চ্যাং বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো ক্ষণস্থায়ী প্রবণতা বা বুদ্বুদ নয়, বরং এটি ইতিমধ্যেই পৃথিবীর সঙ্গে আমাদের মিথস্ক্রিয়ার ধরন বদলে দিয়েছে। আসুসের লক্ষ্য কেবল এআই সক্ষম প্রসেসর সমৃদ্ধ কম্পিউটার বিক্রি করা নয়, বরং ব্যবহারকারীরা যেন তাঁদের দৈনন্দিন জীবনে প্রকৃত এআই অভিজ্ঞতার মাধ্যমে কাজকে আরও সহজ ও কার্যকর করতে পারেন, তা নিশ্চিত করা। ভবিষ্যতের কম্পিউটিং–জগৎ সম্পূর্ণভাবে এআইয়ের ওপর নির্ভরশীল হবে এবং আসুস সেই পরিবর্তনের অগ্রভাগে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।
Visit sportbet.rodeo for more information.
আসুস বাংলাদেশের কান্ট্রি প্রোডাক্ট ম্যানেজার আসাদুর রহমান নতুন ল্যাপটপগুলোর কারিগরি দিক তুলে ধরেন। অনুষ্ঠানে সবচেয়ে বেশি নজর কেড়েছে দুই পর্দার আসুস জেনবুক ডুও। ১৪ ইঞ্চি ৩কে ওএলইডি স্পর্শনির্ভর পর্দার ল্যাপটপটিতে দুটি পর্দার আকার প্রায় ২০ ইঞ্চি হওয়ায় বড় পর্দায় কাজ করার সুবিধা পাওয়া যায়। পেশাদার প্রোগ্রামার ও আধেয় (কনটেন্ট) নির্মাতাদের উপযোগী ল্যাপটপটির দাম ধরা হয়েছে ৪ লাখ ৮২ হাজার ৯৯০ টাকা। অন্যদিকে আভিজাত্য আর বহনযোগ্যতার চমৎকার সমন্বয় দেখা গেছে জেনবুক ১৪ ওএলইডি মডেলে। মাত্র ১ দশমিক ২ কেজি ওজনের এই ল্যাপটপ ভ্রমণপিপাসু পেশাজীবীদের জন্য আদর্শ, যা দীর্ঘ ১৫ ঘণ্টার বেশি ব্যাটারি লাইফ নিশ্চিত করে। ল্যাপটপটির দাম ধরা হয়েছে ১ লাখ ৫৩ হাজার টাকা।
জেনবুক এস ১৬ ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ‘সেরালুমিনিয়াম’, যা অ্যালুমিনিয়াম ও সিরামিকের মিশ্রণে তৈরি। ২ লাখ ৫৬ হাজার টাকা দামের ল্যাপটপটিতে এএমডি রাইজেন এআই প্রসেসর ব্যবহার করা হয়েছে। এ ছাড়া সাধারণ শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের জন্য ১ লাখ ২৯ হাজার টাকা দামের ভিভোবুক ১৬ মডেল এনেছে আসুস।
অনুষ্ঠানে আসুস বাংলাদেশের ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক মো. আল ফুয়াদ বলেন, বাংলাদেশে গেমিং ল্যাপটপ এবং ওএলইডি ল্যাপটপের বাজারে আসুস বর্তমানে শীর্ষস্থানে রয়েছে। গত দুই বছর বাজার কিছুটা নিম্নমুখী থাকলেও এ বছরের প্রথম প্রান্তিকে ১০ শতাংশ প্রবৃদ্ধি দেখা যাচ্ছে, যা একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়। এ ছাড়া গ্রাহকসেবায় আসুস তাদের বিশেষ ‘পারফেক্ট ওয়ারেন্টি’ প্যাকেজটি আরও জোরদার করেছে, যা ল্যাপটপের দুর্ঘটনাজনিত যেকোনো ক্ষয়ক্ষতির বিপরীতে গ্রাহককে সুরক্ষা দেবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে আসুসের ব্যবসায়িক অংশীদার গ্লোবাল ব্র্যান্ড পিএলসির চেয়ারম্যান আবদুল ফাত্তাহ, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, উপব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন খন্দকার প্রমুখ।