ইউরোপে সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

· Prothom Alo

বাংলাদেশ ফুটবলের জন্য নতুন খবর। আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এটি হবে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। খেলা হবে সান মারিনোতে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, এর আগে বাংলাদেশ অনেক দেশের সঙ্গে খেললেও ইউরোপীয় কোনো জাতীয় দলের বিপক্ষে এটিই হবে প্রথম অফিশিয়াল ম্যাচ। শুধু তা–ই নয়, এই প্রথম বাংলাদেশের ফুটবলাররা ইউরোপের মাটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন।

Visit freshyourfeel.org for more information.

বাফুফে এই দাবি করলেও ২০০০ সালে লন্ডনে ভারতের সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশের কোচ ছিলেন হাসানুজ্জামান বাবলু। তিনি প্রথম আলোকে বলেন, ‘ভারতের সঙ্গে সেই ম্যাচটি হয়েছিল নিউক্যাসলের মাঠে। বাইচুং ভুটিয়া তখন ভারতের অধিনায়ক এবং ইংল্যান্ডের একটি টিমে খেলছিল। দুই দেশের জাতীয় দল অংশ নিয়েছিল ম্যাচটায়। ভারতের ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তা এর উদ্যোক্তা ছিলেন। ম্যাচটা আমরা ১-০ গোলে হেরেছি এবং বাংলাদেশের গোলকিপার ছিল আমিনুল।’

বাফুফে জানিয়েছে, বাংলাদেশ-সান মারিনো ম্যাচটি শুধু মাঠের লড়াই নয়, বরং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ফুটবলীয় উন্নয়নের একটি বড় সুযোগ।

লন্ডনে ভারতের মুখোমুখি হওয়া বাংলাদেশ ফুটবল দলের ছবি

সান মারিনোর জন্যও এটি নতুন অভিজ্ঞতা। নিজেদের ফুটবল ইতিহাসে তারাও প্রথমবারের মতো কোনো এশীয় দেশের মুখোমুখি হবে। এই সফরের মাধ্যমে বাংলাদেশের ফুটবলাররা মূল্যবান অভিজ্ঞতা অর্জন করবে, যা ভবিষ্যতে এশিয়ান কাপ বা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাজে লাগবে বলে আশা বাফুফের। ম্যাচের ভেন্যু এবং সময় এখনো চূড়ান্ত না হলেও বাফুফে জানিয়েছে, শিগগিরই বিস্তারিত সময়সূচি ঘোষণা করা হবে।

৮ ম্যাচ খেলেই কেন বদলাতে হচ্ছে জাতীয় স্টেডিয়ামের ঘাস

ফিফা র‍্যাঙ্কিংয়ে সান মারিনো বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে। র‍্যাঙ্কিংয়ে সর্বশেষ ২১১ নম্বর স্থানটি সান মারিনোর আর বাংলাদেশ ১৮১তম। নিজেদের চেয়ে শক্তিশালী দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার কথা এত দিন বলে আসছিল বাফুফে। কিন্তু এবার এমন এক দলের সঙ্গে খেলতে যাচ্ছে, যারা আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের চেয়েও ৩০ ধাপ পিছিয়ে!

সান মারিনো ইউরোপের একটি ছোট দেশ। এটি সম্পূর্ণভাবে ইতালির ভেতরে অবস্থিত। অর্থাৎ চারদিক থেকেই ইতালি দ্বারা ঘেরা। সান মারিনোর আয়তন প্রায় ৬১ বর্গকিলোমিটার। এটি বিশ্বের পঞ্চম ক্ষুদ্রতম রাষ্ট্র।

ফুটবলারদের সংবর্ধনাকে হালকা বানিয়ে ফেলা হচ্ছে না তো

Read full story at source