তেলের দাম ব্যারেল ২০০ ডলার হওয়ার সম্ভাবনা কম: মার্কিন জ্বালানিমন্ত্রী
· Prothom Alo

জ্বালানি তেলের দাম ব্যারেল ২০০ ডলার হওয়ার ‘সম্ভাবনা কম’ বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ইরানে হামলা বাড়তে থাকলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ২০০ ডলারে পৌঁছাতে পারে বলে এর আগে হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানি এক কর্মকর্তা।
Visit asg-reflektory.pl for more information.
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বৃহস্পতিবার ক্রিস রাইট বলেন, ‘এমনটি হওয়ার সম্ভাবনা কম। তবে আমরা এখন সামরিক অভিযান পরিচালনা এবং এই সমস্যার সমাধানের দিকেই বেশি মনোযোগী।’
এর আগে বুধবার ইরানের সামরিক বাহিনীর খাতামুল আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেছিলেন, যুদ্ধ যদি এভাবে বাড়তে থাকে, তবে বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ২০০ ডলারে পৌঁছাতে পারে।
এদিকে বৃহস্পতিবার আরেক সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে কথা বলেন ক্রিস রাইট। তিনি জানান, মার্কিন নৌবাহিনী বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ পারাপারে পাহারা (এসকর্ট) দিতে পারছে না। তবে চলতি মাসের শেষ নাগাদ তেমনটি হওয়ার ‘বেশ সম্ভাবনা’ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা না থামালে জ্বালানি পরিবহনে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। এ ঘোষণার ফলে প্রণালিটি ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। জলপথটি ঘিরে বেড়েছে পাল্টাপাল্টি হামলার মাত্রাও। এতে করে বিশ্বে ইতিমধ্যে অস্থিতিশীল থাকা জ্বালানি তেলের বাজার ও শেয়ারবাজার আরও নড়বড়ে হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।