যত বেশি ও যত ধরনের বই পড়া যায় পড়তে হবে

· Prothom Alo

‘লেখক হতে চাইলে অনেক বেশি পড়তে হবে। যত বেশি ও যত ধরনের বই পড়া যায় পড়তে হবে। দেশ–বিদেশের বিভিন্ন লেখকের বই পড়তে হবে। পড়ার কোনো বিকল্প নেই।’

অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে প্রথম আলো বন্ধুসভার বিশেষ লাইভ ‘বন্ধুর বই’ অনুষ্ঠানের তৃতীয় মৌসুমের ষষ্ঠ পর্বে অতিথি হিসেবে যুক্ত হয়ে তরুণ লেখকদের উদ্দেশে এ কথা বলেন লেখক, শিক্ষক ও অর্থনীতি বিশ্লেষক রুবাইয়াত সাইমুম চৌধুরী। তিনি বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্বখ্যাত মুঠোফোন ব্র্যান্ড অনারের সৌজন্যে ৩ মার্চ অনুষ্ঠিত এই পর্বের সঞ্চালক হিসেবে ছিলেন ঢাকা মহানগর বন্ধুসভার পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মুর্শিদা খাতুন।

Visit chickenroad.qpon for more information.

বইমেলা সম্পর্কে রুবাইয়াত সাইমুম চৌধুরী বলেন, ‘বইমেলা সব লেখক–পাঠকের মিলনমেলা। একুশের বইমেলার মর্যাদা একটু অন্য রকম। একুশ আগে ছিল শুধুই আমাদের। আমরা আমাদের ভাষার জন্য রক্ত দিলাম, ভাষাকে প্রতিষ্ঠা করলাম। আমাদের এই ভাষার সংগ্রামকে বিশ্ব যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দিল, তখন বইমেলা বৈশ্বিক পরিসরে রূপ নিল। এই মেলা এখন বাংলাদেশের সব মানুষেরই মিলনমেলা।’

বন্ধুসভার ‘বন্ধুর বই’ লাইভ অনুষ্ঠানের প্রশংসা করে রুবাইয়াত সাইমুম চৌধুরী বলেন, বন্ধুসভা সব সময় নতুন সৃজনশীল কাজ করার চেষ্টা করে। বন্ধুসভার নিজস্ব কিছু অনুষ্ঠান থাকে। এর বাইরেও চেষ্টা করে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সময়ের প্রয়োজনে যা করা দরকার সেটা করার। এটাই বন্ধুসভার সবচেয়ে বড় শক্তির জায়গা। প্রথম আলোর একটা স্লোগান আছ— ‘যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো’, এটাই আসলে পুরো বন্ধুসভার প্রতিনিধিত্ব করে। বন্ধুসভা যা কিছু ভালো, তার সঙ্গে থাকার চেষ্টা করে। পাশাপাশি নতুন করে সৃজনশীল সব কাজ করার চেষ্টা করে।

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে রুবাইয়াত সাইমুম চৌধুরীর থ্রিলার উপন্যাস ‘কে জানে কী মন্দ ভালো’। বইটি প্রকাশ করেছে স্বরে-অ প্রকাশনী। পাওয়া যাচ্ছে প্রকাশনা সংস্থাটির স্টলে।

গত ২৬ ফেব্রুয়ারি শুরু হয়েছে অমর একুশে বইমেলা ২০২৬। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে ১৫ মার্চ পর্যন্ত এ মেলা চলবে। একই দিনে শুরু হয় অনারের সৌজন্যে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে প্রথম আলো বন্ধুসভার বিশেষ লাইভ ‘বন্ধুর বই’ অনুষ্ঠানের তৃতীয় মৌসুম।

বন্ধুসভার যে বন্ধুর বই প্রকাশিত হয়েছে, হচ্ছে বা হবে, তাঁদের বই সম্পর্কে আলোচনা ও প্রচারণার লক্ষ্যে বন্ধুসভার ফেসবুক পেজ থেকে মেলা চলাকালে প্রতিদিন সংশ্লিষ্ট বন্ধুকে নিয়ে লাইভ অনুষ্ঠান হচ্ছে। এ ছাড়া বন্ধুসভার ওয়েবসাইটে মাসব্যাপী প্রতিটি বইয়ের রিভিউ ও সংবাদ প্রকাশ করা হবে।

বন্ধুদের লেখালেখি ও বই প্রকাশকে উৎসাহিত করার জন্যই বন্ধুসভার এ আয়োজন। তাই অনতিবিলম্বে সারা দেশের যে বন্ধুদের বই প্রকাশিত হয়েছে বা হচ্ছে, তার তথ্য পাঠানোর পাশাপাশি বই নিয়ে সংবাদ বা পর্যালোচনা আহ্বান করা হচ্ছে।

সংবাদ বা পর্যালোচনা পাঠান: [email protected]

বইয়ের সব তথ্য দিয়ে লিংকে ক্লিক করে গুগল ফরমটিও পূরণ করুন।

Read full story at source