পশ্চিমা দেশে রমজান: ইফতার–তারাবিহ–সাহ্‌রির প্রাকৃতিক ছোঁয়া

· Prothom Alo

আকাশে গভীর অন্ধকার, চাঁদ অর্ধবৃত্ত কোমল আলো ছড়িয়ে দিচ্ছে সুইডেনের ওপর—শহর হোক বা গ্রাম, প্রতিটি জায়গায় যেখানে মানুষ ভিন্ন ভিন্ন রুটিন ও জীবনের গল্প নিয়ে নতুন দিনের আলোতে জেগে ওঠে। মুসলিমদের জন্য এই দৃশ্য পবিত্র রমজানের সূচনার আগমন। একটি মাস—যা পূর্ণ রোজা, আত্মসমালোচনা ও অন্তর্মুখী চিন্তার। কিন্তু ভাবুন তো, রমজান কি শুধু একটি ধর্মীয় আচার, নাকি এটি এমন এক বার্তা দেয়, যা সব মানুষই ধর্মনির্বিশেষে হৃদয়ে ধারণ করতে পারে এবং জীবনে অনুধাবন করতে পারে?

Visit asg-reflektory.pl for more information.

রোজা কেবল খাবার বা পানীয় থেকে বিরত থাকা নয়। এটি আমাদের আকাঙ্ক্ষা, আমাদের স্বভাব এবং আমাদের এই পৃথিবীতে অবস্থান সম্পর্কে সচেতনতা জাগায়। আমরা যখন এমন কিছু থেকে নিজেকে বিরত রাখি, যা সাধারণত স্বাভাবিকভাবে পাই, তখন এটি সহানুভূতির এক দরজা খুলে দেয়। দিনের ক্ষুধার অনুভূতি আমাদের শেখায়, কেমন করে তাদের দিন কাটে, যারা অভাবের সঙ্গে প্রতিদিনের জীবন যাপন করে। এই উপলব্ধি সীমাহীন। এটি মনে করায়, আমাদের জীবন শুধুই আমাদের নয়—আমরা এক সমাজের অংশ, এক জগতে বসবাস করি; যেখানে আমাদের প্রতিটি কাজ অন্যের ওপর ছাপ ফেলে।

রমজান মাসে সাহ্‌রি ও ইফতার কেবল খাওয়ার ওয়াক্ত নয়; এগুলো একধরনের আধ্যাত্মিক যাত্রা, যা দিনের দীর্ঘ পথচলার শক্তি ও রাতে শান্তির মুহূর্ত নিয়ে আসে।

রমজান শেখায় ধৈর্য, সহানুভূতি এবং মানবিক সংবেদন—একধরনের শান্তি ও জাগরণ, যা শুধু আমাদের মনকেই নয়, পুরো সমাজকেই সমৃদ্ধ করে। সাহ্‌রির আলোকিত ভোর, ইফতারের সূর্যাস্তের সোনালি রং এবং রাতের তারাবিহর নামাজ—সব মিলিয়ে রমজান হয়ে ওঠে এক অনন্য যাত্রা, যেখানে হৃদয় ও আত্মা একসঙ্গে শুদ্ধ হয় এবং মানবিকতার আলো জ্বলে ওঠে।

রমজানের প্রকৃত উদ্দেশ্য ক্ষুধার কষ্ট দেওয়া নয়, বরং ক্ষুধার মাধ্যমে আত্মাকে জাগিয়ে তোলা। মানুষ যখন নিজের ইচ্ছাকে সংযত করে, তখন সে নিজের ভেতরের অহংকারকে নিয়ন্ত্রণ করতে শেখে। সে উপলব্ধি করে, খাদ্য আমার অধিকার হলেও তা আমার একার নয়। এই উপলব্ধি থেকেই জন্ম নেয় সহমর্মিতা। যে ব্যক্তি দিনের পর দিন পরিপূর্ণ আহার পায়, সে হয়তো দারিদ্র্যের বেদনা বুঝতে পারে না। কিন্তু রোজা তাকে এক দিনের জন্য হলেও সেই অনুভূতির কাছে নিয়ে যায়।

কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাতের সর্বজনীন ছায়া

ইসলামে কলেমা বিশ্বাসের ঘোষণা।

নামাজ নিয়মিত উপাসনা।

রোজা আত্মসংযম।

হজ তীর্থযাত্রা।

জাকাত দানব্যবস্থা।

সুইডেনে রমজান মাসে মুসলিমরা প্রতিটি দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন—খাদ্য, পানীয়, এমনকি ছোট আনন্দকেও স্থগিত রেখে আত্মসংযমের পথে পা রাখেন। এই মাসে সাহ্‌রি ও ইফতার কেবল খাওয়ার ওয়াক্তের নাম নয়; এগুলো একধরনের আধ্যাত্মিক যাত্রা, যা দিনের দীর্ঘ পথচলার শক্তি ও রাতে শান্তির মুহূর্ত নিয়ে আসে।

দ্বীপের দেশে রমজানে ভ্রাতৃত্বের অনন্য গল্প

সাহ্‌রি: দিনের শুরুতে আশার আলো—

ফজরের আগে নেওয়া সাহ্‌রি কেবল পুষ্টি নয়, এটি একপ্রকার প্রার্থনা। সুইডেনের মতো দেশে, যেখানে গ্রীষ্মে দিনের আলো দীর্ঘায়িত হয়, সাহ্‌রির সময় কখনো গভীর রাতের নীরবতায় আসে। সাহ্‌রিতে সাধারণত থাকে হালকা শস্য, দুধ, ফল, ডিম—যা শরীরকে দিনব্যাপী রোজার চ্যালেঞ্জের জন্য শক্তি দেয়। অনেক মুসলিম পরিবার বা কমিউনিটি সেন্টারে একত্র হয়ে সাহ্‌রি করেন; ছোট ছোট গল্প, হাসি আর প্রার্থনার সঙ্গে দিনের শুরু হয়, যেন এক অনন্য মিলনের অনুভূতি।

ইফতার: সূর্যাস্তের মুহূর্তে পুনর্জন্ম—

সূর্য যখন অস্ত যায়, সেই মুহূর্ত হয়ে ওঠে ইফতারের আভিজাত্যপূর্ণ ঘড়ি। খেজুর দিয়ে ইফতার করা নবী করিম (সা.) এর সুন্নাহ অনুসরণ। এরপর আসে স্যুপ, সালাদ, হালকা খাবার এবং পানি বা জুস—সবই যেন রোজার পর শরীর ও আত্মাকে নতুন করে সজীব করে তোলে। সুইডেনের মতো দেশে, যেখানে গ্রীষ্মে সূর্য রাত ১০-১১টায় অস্ত যায়, ইফতার হয়ে ওঠে একধরনের আনন্দের, অপেক্ষার এবং একরকম আধ্যাত্মিক উচ্ছ্বাসের মুহূর্ত। তবে এ বছর শীতের সময় রোজা পালন করা খুবই আনন্দের ব্যাপার। কারণ, আজ সাহ্‌রির শেষ সময় ৪: ৩০ এএম এবং ইফতার ৫: ২০ পিএম এর কাছাকাছি, যা গ্রীষ্মকালীন সময়ের তুলনায় অনেক কম।

সুইডেনে রমজান মাসে মুসলিমরা প্রতিটি দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন—খাদ্য, পানীয়, এমনকি ছোট আনন্দকেও স্থগিত রেখে আত্মসংযমের পথে পা রাখেন।

তারাবিহ নামাজ: রাতের আলোয় আত্মার নীরব প্রার্থনা—

ইফতারের পর পড়া তারাবিহর নামাজ কেবল রাতের নামাজ নয়; এটি আত্মার শুদ্ধি, হৃদয়ের গভীরতার সংযোগ। মসজিদে ইমামের নেতৃত্বে বা বাড়িতে শান্ত পরিবেশে আদায় করা এই নামাজ রাতকে পরিপূর্ণ করে। প্রতিটি রাকাতে পড়া আয়াত যেন হৃদয়কে আলোকিত করে, রাতের অন্ধকারেও একরকম আধ্যাত্মিক উজ্জ্বলতা সৃষ্টি করে।

পবিত্র রমজানের সন্ধ্যায় কুয়েতের রান্নাঘরে ঐতিহ্যের ঘ্রাণ

সময় ও প্রাকৃতিক ছোঁয়া—

সুইডেনে দিন ও রাতের দৈর্ঘ্য ঋতুর সঙ্গে পরিবর্তিত হয়। গ্রীষ্মে দিনের দীর্ঘ আলো এবং রাতের স্বল্প অন্ধকার রোজা ও নামাজের সময়কে বিশেষ পটভূমিতে রাখে। শীতে ছোট দিনের আলো এবং দীর্ঘ রাত রোজাকে আরও গভীরতায় পূর্ণ করে। মুসলিমরা স্থানীয় ধর্মীয় সংস্থা ও সৌরচক্র অনুযায়ী সূর্যোদয় ও সূর্যাস্তের সময় অনুসারে রোজা রাখেন।

খ্রিষ্টান দেশে রমজানের প্রতিফলন—

পশ্চিমা খ্রিষ্টান দেশগুলোতে রমজানকে প্রায়ই সম্মান জানানো হয়। অফিস, স্কুল বা পাবলিক ইভেন্টে রোজা রাখার কারণে খাবার ও পানীয় থেকে বিরত থাকা প্রায়ই সমর্থন পায়। যদিও সরকারি ক্যালেন্ডারে রমজান বিশেষভাবে উল্লেখ থাকে না, ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠানগুলো মুসলিমদের আধ্যাত্মিক অনুশীলনকে স্বীকৃতি দেয়।

রোজা কেবল খাওয়াদাওয়ার বিরতি নয়, এটি আত্মার এক অনন্য যাত্রা—দৈনন্দিন জীবনের শব্দ, ব্যস্ততা এবং আলো-ছায়ার মধ্যে শৃঙ্খলা, ধৈর্য ও শান্তির সেতু তৈরি করে। সাহ্‌রির আলোকিত ভোর, ইফতারের রঙিন সূর্যাস্ত এবং তারাবিহর রাতের প্রার্থনা—সব মিলিয়ে রমজান হয়ে ওঠে হৃদয় ও সমাজকে জাগ্রত রাখার এক অনন্য উৎসব।

রমজান: আত্মজাগরণ থেকে সামাজিক ন্যায়ের পথে—

রমজান আমাদের শেখায় ক্ষুধা সহ্য করতে। কিন্তু আরও বড় শিক্ষা হলো অন্যের ক্ষুধা বোঝা। পৃথিবীর বহু দেশে এমন মানুষ আছেন, যাঁরা প্রতিদিন অনিচ্ছায় রোজা রাখেন। কারণ, তাঁদের খাবার নেই। যদি একজন মানুষ রমজানে নিজের বিলাসী ব্যয় কমিয়ে সেই অর্থ দিয়ে অন্তত একটি পরিবারের জন্য ইফতার নিশ্চিত করেন, তাহলে রোজা সামাজিক ন্যায়ের রূপ পায়।

পবিত্র রমজানের সন্ধ্যায় কুয়েতের রান্নাঘরে ঐতিহ্যের ঘ্রাণ

রমজান আমাদের শেখায় নীরবতা। কিন্তু আরও বড় শিক্ষা হলো অন্যায়ের সামনে নীরব না থাকা।

রমজান আমাদের শেখায় আত্মসংযম। কিন্তু আরও বড় শিক্ষা হলো ক্রোধ ও বিদ্বেষ সংযম করা। সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানজনক মন্তব্য না করা, প্রতিবেশীর ধর্মকে হেয় না করা, কর্মস্থলে দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়া—এগুলোও রোজার বাস্তব প্রয়োগ।

আমি মুসলিম পরিবারে জন্মেছি। সেটি আমার পরিচয়ের অংশ। কিন্তু মানবজাতি আমার বৃহত্তর পরিচয়। ইসলামের শিক্ষা আমাকে শিখিয়েছে, একজন মানুষের জীবন রক্ষা করা মানে সমগ্র মানবজাতিকে রক্ষা করা। তাই রমজান যদি আমাকে আল্লাহর দিকে নিয়ে যায়, তবে সেটি আমাকে মানুষের দিকেও নিয়ে যাবে। আল্লাহর প্রতি ভালোবাসা মানুষের প্রতি দায়িত্ব ছাড়া পূর্ণ হয় না।

এই মাসে আমরা যদি সত্যিই রোজা রাখি, তবে শুধু খাদ্য থেকে নয়, ঘৃণা থেকেও বিরত থাকি।

শুধু পানীয় থেকে নয়, অন্যায় থেকেও বিরত থাকি।

শুধু দেহ নয়, মনকেও পরিশুদ্ধ করি।

আজ পৃথিবী নৈতিক সংকটে দাঁড়িয়ে আছে। প্রযুক্তি উন্নত, কিন্তু সহমর্মিতা কমে যাচ্ছে। অর্থ বেড়েছে, কিন্তু আস্থা কমেছে। শক্তি বেড়েছে, কিন্তু শান্তি কমেছে। এই বাস্তবতায় রমজান কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি একটি নৈতিক পুনর্জাগরণের সুযোগ।

যদি বিশ্বের প্রতিটি মানুষ, সে মুসলমান হোক বা না হোক, অন্তত এক মাস নিজের ভোগ কমিয়ে অন্যের কথা ভাবতে শেখে, তবে পৃথিবীর মানচিত্র বদলাতে সময় লাগবে না।

পরিবারের সঙ্গে লেখক

তাহলেই রমজান ক্যালেন্ডারের একটি মাস হয়ে থাকবে না। এটি হয়ে উঠবে মানবতার এক নতুন অধ্যায়ের সূচনা। বিশ্বশান্তির সম্ভাবনা তখন আর কল্পনা থাকবে না, তা হয়ে উঠবে সম্মিলিত নৈতিক সিদ্ধান্ত।

মাহে রমজানের এই সময়ে বাংলাদেশের মানুষের উদ্দেশে একটি আন্তরিক আহ্বান জানাতে চাই। আমরা মতাদর্শে ভিন্ন হতে পারি, রাজনৈতিক অবস্থানে ভিন্ন হতে পারি, কিন্তু আমরা একই মাটির সন্তান। এই মাসে অন্তত ঘৃণার ভাষা কমাই, পারস্পরিক শ্রদ্ধা বাড়াই, অন্যের কষ্ট বোঝার চেষ্টা করি। পরিবারে, সমাজে, রাষ্ট্রে ন্যায়, সততা ও সহমর্মিতাকে অগ্রাধিকার দিই। যদি আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সামান্য হলেও নৈতিক সাহস দেখাই, তবে বাংলাদেশ কেবল অর্থনৈতিক নয়, নৈতিক শক্তিতেও সমৃদ্ধ হবে।

রমজান হোক আমাদের আত্মশুদ্ধির, মানবিক ঐক্যের এবং একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশের পথে নতুন অঙ্গীকারের সূচনা।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

Read full story at source