রাজশাহীতে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থককে মারধর, পানিতে নামিয়ে ‘অজু–গোসল’

· Prothom Alo

রাজশাহীর পুঠিয়ায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীকে ভোট দেওয়ার অভিযোগ তুলে এক কাঠমিস্ত্রিকে লাঠিপেটা ও পুকুরে নামিয়ে ‘অজু–গোসল’ করানো হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ছাড়া একই অভিযোগ তুলে আরও কয়েকজনকে মারধর, মোটরসাইকেলসহ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

Visit asg-reflektory.pl for more information.

রাজশাহী–৫ (পুঠিয়া ও দুর্গাপুর) আসনে বিএনপির প্রার্থী ছিলেন দলের জেলা কমিটির সদস্য নজরুল ইসলাম মন্ডল। তিনি নির্বাচনে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে ঘোড়া প্রতীকে নির্বাচন করেন পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইসফা খায়রুল হক এবং ফুটবল প্রতীকে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন লন্ডনপ্রবাসী বিএনপি নেতা রেজাউল করিম। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে দুই ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ ওঠে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলী হোসেন লাঠি হাতে বারইপাড়া গ্রামের মইদুল ইসলাম (৫০) নামের এক কাঠমিস্ত্রিকে মারধর করছেন। ধানের শীষ প্রতীকের বিপক্ষে ভোট দেওয়ার অভিযোগে মইদুলকে গালিগালাজ করা হয়। একপর্যায়ে তাঁকে পুকুরে নেমে ডুব দিতে ও ‘ভুল’ স্বীকার করতে বাধ্য করা হয়। লাঠি ভেঙে গেলে হাতুড়ি দিয়ে মারার হুমকিও দেওয়া হয়। পরে তাঁকে অজু করতে ও কয়েকবার পানিতে ডুব দিতে বলা হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আলী হোসেন বলেন, ‘ঘটনা ঘটেছে। এখন যদি পত্রিকায় দেন, দিতে পারেন।’ তবে তিনি দাবি করেন, নির্বাচনের আগে তাঁদের পক্ষের মোটরসাইকেল ও পার্টি অফিসে হামলার ঘটনা ঘটেছে।

তবে এ ঘটনায় ভুক্তভোগী মইদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

একইভাবে আরও কয়েকজন হামলার শিকার হওয়ার অভিযোগ করেন। পুঠিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল জব্বারের দাবি, ভোটের পরদিন তাঁকে মারধর করে মোটরসাইকেলসহ পুকুরে ফেলে দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। বর্তমানে তিনি রাজধানীতে চিকিৎসাধীন।

এ ছাড়া রামজীবনপুর এলাকার ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেনকে মারধরের অভিযোগ আছে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। পুঠিয়া রাজবাড়ি–সংলগ্ন বাগানপাড়া এলাকার বিএনপির কর্মী আরিফুল ইসলামের পা ভেঙে দেওয়ারও অভিযোগ আছে। পুঠিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি আরিফুল হকও হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছেন।

এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা দাবি করে নবনির্বাচিত সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডল বলেন, তিনি এসব ঘটনার কথা শুনেছেন। তবে এমন ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন তিনি।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, পানিতে নামানোর ঘটনার বিষয়ে তিনি অবগত। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Read full story at source